উপকূলীয় বন ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় কমিউনিটির অংশগ্রহণ ও সুশাসন নিশ্চিত করার আহ্বান

শ্যামনগর প্রতিনিধি ঃ উপকূলীয় বন ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, টেকসই ব্যবস্থাপনা এবং স্থানীয় জনগোষ্ঠীর অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), অক্সফাম ইন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইড এর সহায়তায় দুই দিনব্যাপী “উপকূলীয় প্রতিবেশ ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সম্পদের অধিকার সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ” আয়োজন করেছে। ২৪-২৫ নভেম্বর সাতক্ষীরার শ্যামনগরে লিডার্স- ক্লাইমেট অ্যান্ড অ্যাডাপ্টেশন নলেজ ম্যানেজমেন্ট সেন্টার- এ অনুষ্ঠিত এ প্রশিক্ষণে স্থানীয় জনগোষ্ঠী, সরকারি কর্মকর্তা, কমিউনিটি সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে সুন্দরবনের প্রকৃতি, জীববৈচিত্র্য, বননির্ভর মানুষের জীবিকা, উপকুলীয় প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় স্থানীয় অংশগ্রহন জোরদার করার উপায় প্রাধান্য পায়। একই সাথে প্রাকৃতিক দূর্যোগের প্রভাব নিয়ে আলোচনা করেন বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ শাহিনুর ইসলাম। তিনি বন সংরক্ষণ ও সহ-ব্যবস্থাপনা কমিটির (সিএমসি) কার্যকারিতা, কমিউনিটি প্যাট্রোলিং, গ্রাম সংরক্ষণ ফোরামের (ভিসিএফ) ভূমিকা এবং স্থানীয় পর্যায়ে কমিটিগুলো সক্রিয় করার গুরুত্ব ও সমন্বয়ের উপায় তুলে ধরেন। এ সময় অংশগ্রহণকারীরা সিএমসি ও ভিসিএফ-এর কার্যক্রমে বিদ্যমান সীমাবদ্ধতা, অর্থায়নের সংকট, স্থানীয় পর্যায়ে কমিটির নিষ্ক্রিয়তা এবং বননির্ভর জনগোষ্ঠীর বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। বন সংরক্ষণে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ও কমিটিগুলো পুনরায় কার্যকর করার আহ্বান জানানো হয়। “আইনগত কাঠামোর মাধ্যমে পরিবেশগত অধিকার প্রতিষ্ঠা” শীর্ষক সেশনে বেলার আইন সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী এস. হাসানুল বান্না পরিবেশগত অধিকার প্রতিষ্ঠায় সাংবিধানিক ও আইনগত কাঠামো, সংশ্লিষ্ট আইন এবং নাগরিকদের অধিকার ও আইনগত প্রতিকার সম্পর্কে আলোচনা করেন। উক্ত সেশনের মাধ্যমে স্থানীয় জনগনের আধিকার সুরক্ষা ও জবাবদিহিতা নিশ্চিত করনে আইনি প্রক্রিয়ার উপর আলোকপাত করা হয়। অন্যদিকে, “অন্তর্ভুক্তিমূলক সুশাসন” সেশনে বেলার রুমানা আফরোজ দীপ্তি অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক সুশাসনের গুরুত্ব তুলে ধরেন। প্রশিক্ষণে পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরার পরিদর্শক মোঃ আশরাফ আলী, শ্যামনগর উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুম বিল্লাহ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মজিবুর রহমান তাঁদের নিজ নিজ দপ্তরের কার্যক্রম, দায়িত্ব ও ভূমিকা উপস্থাপন করেন। এ সময় স্থানীয় জনগণ সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে তাঁদের বিভিন্ন সমস্যা, অভিজ্ঞতা ও প্রত্যাশা তুলে ধরার পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিতে অভিযোগ দায়ের করার প্রক্রিয়ার সুস্পষ্ট ধারনা পান। এছাড়া সুন্দরবন পর্যটন, অভয়ারণ্য ও অভয়াশ্রমের পার্থক্য, পর্যটন সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে বিরোধ, নৌযান ও পর্যটন ব্যবস্থাপনায় নিরাপত্তা, সক্ষমতা বৃদ্ধি এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণের প্রতিবন্ধকতা নিয়েও আলোচনা হয়। প্রশিক্ষণে বেলার খুলনা বিভাগীয় সমন্বয়ক মাহফুজুর রহমান মুকুল, বেলার ঢাকা কার্যালয়ের সিনিয়র রিসার্চ অফিসার রাইসুল হাসান, বেলার খুলনা কার্যালয়ের রিসার্চ অফিসার শাফায়াত উল্লাহ এবং বেলার ঢাকা কার্যালয়ের অ্যাওয়ারনেস অ্যান্ড ক্যাম্পেইন অফিসার মোহাম্মদ সামি রহমান উপস্থিত ছিলেন। প্রশিক্ষণটি ব্লু ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস (ইওউ৪ঈঔ) প্রকল্পের আওতায় আয়োজন করা হয়।



