স্থানীয় সংবাদ

নাশকতা ঠেকাতে নেতাকর্মীদের আরও বেশি সতর্ক থাকার নির্দেশ তুহিনের

# সোনাডাঙ্গা ও খালিশপুর থানার বিভিন্ন ওয়ার্ডে অবস্থানকালে #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীতে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকা- কিংবা নাশকতা যাতে ঘটতে না পারে, সে জন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক ও দায়িত্বশীল থাকার নির্দেশ দিয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন। তিনি বলেছেন, জনগণের জানমাল ও নগরীর সার্বিক নিরাপত্তা রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। কোনো অপশক্তি যেন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর সোনাডাঙ্গা ও খালিশপুর থানার বিভিন্ন ওয়ার্ড এবং থানা পর্যায়ে অবস্থানরত নেতাকর্মীদের উদ্দেশে এসব নির্দেশনা দেন তিনি। তিনি বলেন, কর্মকান্ড নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা সারাদেশে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকা- চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। খুলনা মহানগরীতে যাতে এ ধরনের কোনো কর্মকা- কিংবা নাশকতা ঘটাতে না পারে, সে জন্য নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। শুধু দলীয় কার্যালয় বা গুরুত্বপূর্ণ সড়ক নয়, পাড়া-মহল্লার অলিগলি ও জনবহুল এলাকাতেও সতর্ক নজর রাখতে হবে। তিনি আরও বলেন, যারা পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে, তাদের অপতৎপরতা প্রতিহত করতে সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে। জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা গোষ্ঠী নাশকতার চেষ্টা করলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। তবে কাউকে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। সন্দেহভাজন দুর্বৃত্তদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে এবং তাদের হাতে সোপর্দ করতে হবে। তুহিন বলেন, জনগণের জানমাল নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আগুন, বোমা, হামলা কিংবা ভয়ভীতি দেখিয়ে খুলনার মানুষকে জিম্মি করার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। তবে শান্তি রক্ষার নামে কোনো ধরনের বেআইনি কর্মকা-ে জড়ানো যাবে না। জনগণের পাশে থেকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করে এবং শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ কর্মসূচির মধ্য দিয়েই নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তিনি আরও বলেন, খুলনার মানুষ শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপন চায়। রাজনৈতিক প্রতিহিংসা কিংবা ক্ষমতার দ্বন্দ্বে সাধারণ মানুষের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না। নগরীর প্রতিটি এলাকায় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো উসকানিতে পা না দিয়ে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এ সময় থানা, ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button