সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

এসআই মল্লিক(ঝিনাইদহ)॥
ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগের একটি দল।
মুনতারিন ফেরদৌস ডরিন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। সে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক ছিল। উপজেলা ছাত্রলীগে ডরিনের কোন পদ পদবী না থাকলেও আওয়ামী সরকারের পতনের আগে প্রায় তিন থেকে চার বছর কালীগঞ্জ ছাত্রলীগ নিয়ন্ত্রন করতো। তার বাবা প্রয়াত আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এবং কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। ডরিন বর্তমানে রাজধানীর লালমাটিয়া এলাকায় বসবাস করেন।
আটক ডরিনের চাচা এনামুল হক ইমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে কোন মামলা নেই। আমার পরিবারকে হয়রানি করতেই ডরিনকে আটক করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, ডরিন ঢাকায় আটক হয়েছে বিভিন্ন গণমাধ্যমে জেনেছি। এখন তারা তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন। তবে কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা বলতে পারেননি ওসি।



