‘ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কাজ করছে বিএনপি সরকার’

ভবদহ অঞ্চল পরিদর্শন শেষে মন্ত্রীরা যা বললেন-
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের দুঃখ খ্যাত ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার স্থয়ী সমাধানে বিএনপি সরকার কাজ করছে। ছোট-বড় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানে সরকারকে সময় দেওয়ার আহবান জানানো হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকালে যশোরের অভয়নগরে ভবদহ ২১ ভেন্ট স্লুইস গেট পরিদর্শন শেষে ভবদহ কলেজ মাঠে সাংবাদিক ও এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন কৃষি মৎস্য ও প্রাণিসম্পদক মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন।
এর আগে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি তাঁর বক্তব্যে বলেন, বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা সমস্যার সমাধানে খাল খনন কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া ভুক্তভোগীদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, ইতোপূর্বে বিএনপি সরকারের আমলে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে যে কাজ করা হয়েছিল, তার সুফল এলাকাবাসী পেয়েছে। এরপর আওয়ামী ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরে ভবদহের সমস্যা সামাধানে প্রকল্পের নামে শুধু লুটপাট হয়েছে। যে কারণে জলাবদ্ধতা সমস্যার কোনো সমাধান হয়নি।
বিদ্যুত জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত তাঁর বক্তব্যে বলেন, বিএনপি সরকার জনকল্যাণেমূলক কাজ করে। জনগণের দুঃখের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ভবদহ অঞ্চল পরিদর্শনে এক সঙ্গে এতগুলো মন্ত্রী উপস্থিত হয়েছেন। দেশের জনগণের সহযোগিতায় বিএনপি সরকার ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করবে ইনশাআল্লাহ।
এসময় যশোর-৫ আসনের এমপি অ্যাডভোকেট গাজী এনামুল হক, মন্ত্রীপরিষদ সচিব নাসিমুল গণি, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু, উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যাসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী, ভবদহ আন্দোলনের সঙ্গে জড়িত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এর আগে সকালে যশোর জেলা প্রশাসনের সভাকক্ষে ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতাদূরকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।



