স্থানীয় সংবাদ

নড়াইলে ৩ দিন পর মিলল কিশোর ভ্যানচালকের মরদেহ

নড়াইল প্রতিনিধি ঃ নিখোঁজ হওয়ার তিনদিন পর নড়াইলের কালিয়ায় অনিক মোল্যা ওরফে উসমান (১৫) নামে এক কিশোর ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার পেড়লিস্থান এলাকার চিত্রা নদীর ত্রিমোহনা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিখোঁজ হওয়া অপর ভ্যানচালক রিহাদ বিশ্বাস (১৫) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। নিহত অনিক নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের সাপু মোল্যার ছেলে। অন্যদিকে, ঢামেকে চিকিৎসাধীন রিহাদ কালিয়া উপজেলার সুমেরুখোলা গ্রামের আরবি বিশ্বাসের ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার (২৫ নভেম্বর) বিকেলে অনিক তার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী রঘুনাথপুর বাজারে যায়। সেখান থেকে অনিক ও সুমেরুখোলা গ্রামের আরেক কিশোর ভ্যানচালক রিহাদ যাত্রী নিয়ে পেড়লিস্থানের উদ্দেশে রওনা হয়। এরপর থেকেই ভ্যানসহ ওই দুই কিশোরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিখোঁজ হওয়ার দিন রাতেই পেড়লিস্থান এলাকার চিত্রা নদী থেকে রিহাদকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সে সেখানে অচেতন ও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এদিকে নিখোঁজ হওয়ার তিনদিন পর শনিবার দুপুরে একই এলাকার নদী থেকে অনিকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন বাংলানিউজকে জানান, শনিবার দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পেড়লিস্থানের চিত্রা নদীর মোহনায় স্থানীয়দের সহায়তায় ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। পরে স্বজনরা এসে অনিকের মরদেহ শনাক্ত করেন। তিনি আরও জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button