৭০ শতাংশ মানুষের মতামতকে উপেক্ষা করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব নয় : মোহাম্মদ মাহফুজুর রহমান

# খুলনা মহানগরীর ওয়ার্ড আমীর, সভাপতি ও সেক্রেটারি শিক্ষাশিবির #
স্টাফ রিপোর্টার ঃ
দেশের বর্তমান রাজনৈতিক ও সাংবিধানিক প্রেক্ষাপট তুলে ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, “গণভোটের রায়কে উপেক্ষা করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের মতামতকে উপেক্ষা করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়। জাতীয় ঐক্যের অন্যতম ভিত্তি হচ্ছে জনগণের মতামতের প্রতি সম্মান প্রদর্শন। গণভোটের গণরায় মেনে নিতে হবে, অন্যথায় প্রকৃত জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে না।” তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ কমিশনের দীর্ঘ আলোচনার পর জনগণের মতামত যাচাইয়ের লক্ষ্যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু একটি নির্দিষ্ট দলের অসহযোগিতার কারণে সেই দীর্ঘ আলোচনা ও প্রক্রিয়া অর্থবহ হয়ে ওঠেনি। গণভোটের রায়কে অগ্রাহ্য করে কোনো আলোচনা বা ঐকমত্যের উদ্যোগ সফল হতে পারে না। দেশের বৃহত্তর জনগোষ্ঠীর মতামতকে সম্মান না জানালে কোনো সংলাপই ফলপ্রসূ হবে না। জনগণের মতামত উপেক্ষা করে জাতীয় ঐক্যের কথা বলা মোটেও বাস্তবসম্মত নয়। তিনি স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে গণভোটের গণরায় মেনে নেওয়া না হলে জনগণের অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে। শনিবার (২৮ নভেম্বর) সকালে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড আমীর, সভাপতি ও সেক্রেটারিদের শিক্ষাশিবির-২০২৬ এ সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।
মহানগরী সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, মহানগরী কর্মপরিষদ সদস্য ড. আবু রুবাবা, মীম মিরাজ হোসাইন, মুহাম্মাদ আব্দুল গফুর, খানাজাহান দক্ষিণ থানা আমীর ইসমাইল হোসেন পারভেজ, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি ও ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাওলানা জাহিদুর রহমান নাঈম, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলিমুল হক মিরাজ, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ডা. গোলাম কিবরিয়া, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আহসান উল্লাহ সিদ্দিকী, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কাজী বায়েজিদ হোসেন প্রমুখ।
বিগত শাসনামল ও প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির কঠোর সমালোচনা করে সভাপতির বক্তব্যে মাহফুজুর রহমান আরও বলেন, স্বাধীনতার পর থেকে দেশের বিভিন্ন রাজনৈতিক দল অতীতে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, আবার ক্ষমতা থেকে বিদায়ও নিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কেউই মহান আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা কিংবা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। ক্ষমতার পালাবদল ঘটলেও মানুষের মৌলিক অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত হয়নি।
রাজনৈতিক দলগুলোর দ্বিমুখী আচরণের প্রসঙ্গ টেনে মহানগরী আমীর বলেন, দেশের কিছু রাজনৈতিক দলের কথা ও কাজের মধ্যে বিরাট ব্যবধান রয়েছে। যারা প্রকাশ্যে ইসলামী শরিয়াহর প্রতি বিশ্বাসের কথা স্বীকার করে না, তারাও নির্বাচনের সময় সাধারণ মানুষের ভোট পাওয়ার আশায় ইসলামের কথা বলে এবং ধর্মীয় লেবাস ধারণ করে। অথচ একজন আদর্শ রাজনীতিবিদ ও দলের ক্ষেত্রে মানুষের কাছে তাদের অবস্থান ও বক্তব্যের মধ্যে স্বচ্ছতা ও সামঞ্জস্য থাকা অত্যন্ত প্রয়োজন।
তৃণমূল নেতৃবৃন্দের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি ইসলামের মূল আদর্শের দিকে ফিরে আসার আহ্বান জানান। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর মর্যাদা ও আদর্শকে আমাদের যথাযথভাবে উপলব্ধি করতে হবে এবং তাঁর আদর্শকে জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ থেকে দূরে সরে গিয়ে সমাজ ও রাষ্ট্রে প্রকৃত শান্তি, ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা কোনোভাবেই সম্ভব নয়। তাই ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে নবীজির আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই।
শিক্ষাশিবিরে উপস্থিত ওয়ার্ড আমীর, সভাপতি ও সেক্রেটারিদের উদ্দেশে তিনি বলেন, সংগঠনের তৃণমূল পর্যায়ের দায়িত্বশীল হিসেবে আপনাদের প্রতিটি ঘরে ঘরে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দিতে হবে। নৈতিকতা ও চারিত্রিক মাধুর্য দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে। পাশাপাশি দেশের গণতান্ত্রিক অধিকার ও জনগণের মতামতের মর্যাদা রক্ষায় রাজপথে ও ময়দানে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।
দিনব্যাপী এ শিক্ষাশিবিরে খুলনা মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের আমীর, সভাপতি ও সেক্রেটারিবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মহানগরীর অন্যান্য জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সাংগঠনিক পরিকল্পনা, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং আগামী দিনের করণীয় বিষয়ে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন।



