স্থানীয় সংবাদ

মোল্লাহাটে বিএনপি-আওয়ামীলীগের সংঘর্ষ : ধাওয়া-পাল্টা ধাওয়া : আহত ১

পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল ফের বন্ধ

স্টাফ রিপোর্টার/মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মধুমতি ব্রিজ এলাকায় শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুর থেকেই মোল্লাহাট মধুমতি ব্রিজ এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলা থেকে মশাল হাতে আওয়ামী লীগের একদল নেতাকর্মী মিছিল নিয়ে মধুমতি ব্রিজের ওপর এসে পৌঁছান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রিজের ওপর আগে থেকে অবস্থান নেওয়া বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা গোপালগঞ্জ থেকে আসা মিছিলকারীদের ধাওয়া দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে পুরো ব্রিজ এলাকায় সাময়িকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। এসময় ঘটনাস্থলে মোতায়েন থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্রিয় হন। সংঘর্ষ থামাতে পুলিশ বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে গোপালগঞ্জ থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পিছু হটেন। সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে মধুমতি ব্রিজ ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, খুলনা-মাওয়া মহাসড়কের ওই অংশে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।
পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন অধিকাংশ পরিবহন মালিক। শনিবার (২৮ নভেম্বর) বিকেল থেকেই এ রুটে বাস চলাচল বন্ধ হতে শুরু করেছে। তবে বিকল্প পথে আড়িচা ঘাট হয়ে ঢাকায় বাস চলাচলের সিদ্ধান্ত নিয়েছে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন।
খুলনা ইমাদ পরিবহনের ম্যানেজার মো. জাকির হোসেন শনিবার বিকেলে জানান, পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বিকেল ৫টা থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। লকডাউন কর্মসূচির ঘোষণায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, শনিবার দুপুরে খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া তাদের একটি বাস বিকেলে পথে আটকে পড়েছিল। তবে বর্তমানে বাসটির কী অবস্থা, তা নিশ্চিত হওয়া যায়নি। কবে নাগাদ আবার এ রুটে বাস চলাচল শুরু হবে, সে বিষয়েও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
অন্যদিকে, খুলনা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ম্যানেজার মো. কাদের জানান, শনিবার সকাল থেকে তাঁরা এ রুটে বাস চলাচল করেছেন। তবে সন্ধ্যার পর পরিস্থিতি বিবেচনা করে এ রুটে বাস চলাচল অব্যাহত রাখা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
খুলনা বাস টার্মিনালের একাধিক সূত্র জানায়, আওয়ামী লীগের ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচির ঘোষণার পর শনিবার বিকেল থেকে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে নতুন করে কোনো টিকিট বিক্রি করেননি সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষ।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ খান সন্ধ্যা পৌনে ৬টার দিকে জানান, যাত্রীদের নিরাপত্তা এবং পরিবহন ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা বিবেচনা করে গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকল্প হিসেবে খুলনা থেকে আড়িচা ঘাট হয়ে ঢাকার উদ্দেশে বাস চলাচল করবে। তিনি আরও বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প রুটে বাস চলাচল অব্যাহত থাকবে। এ বিষয়ে সন্ধ্যায় একটি সভা আহ্বান করা হয়েছে। তবে আপাতত গোপালগঞ্জ রুটে কোনো বাস চলাচল করবে না বলে নিশ্চিত করেন তিনি।
উল্লেখ্য, আগামী ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে সামনে রেখে শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর গোপালগঞ্জ জেলার পাঁচ উপজেলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button