আর্থিক সেবায় পিছিয়ে নারীরা : প্রয়োজনীয় উদ্যোগ নিন

আজকের দিনে দেশের অর্থনীতিতে নারীদের ভূমিকা অনস্বীকার্য। অনেক বড় বড় প্রতিষ্ঠানে নারীরা অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন। অথচ কিছু জরুরি বিষয়ে তাঁরাই পিছিয়ে থাকছেন। এমন চিত্র দেখা গেছে বাংলাদেশের প্রথম জাতীয় প্রতিনিধিত্বশীল আর্থিক অন্তর্ভুক্ত জরিপেও। গত বুধবার প্রকাশিত ওই জরিপের ফল বলছে, দেশের ৬৪.৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় এসেছেন, কিন্তু এখানে পুরুষের তুলনায় পিছিয়ে আছেন নারীরা। গত বুধবার বাংলাদেশ ব্যাংকের ন্যাশনাল ফিন্যানশিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজি (এনএফআইএস) প্রশাসনিক ইউনিট এবং রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড) যৌথভাবে জরিপের ফলটি প্রকাশ করে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কারিগরি সহায়তায় র্যাপিড জরিপটি পরিচালনা করে। এতে দেখা যায়, পুরুষদের ৬৯.৫ শতাংশ আর্থিক সেবার আওতায় থাকলেও নারীদের ক্ষেত্রে এই হার ৬০.৯ শতাংশ। অন্যদিকে ব্যাংক হিসাব থাকা সত্ত্বেও ৪৪ শতাংশ হিসাবধারী গত তিন মাসে কোনো টাকা জমা বা উত্তোলন করেননি। এমএফএস হিসাবধারীদের ক্ষেত্রে এই হার ১৭ শতাংশ। ফলে হিসাব খোলার সংখ্যা বাড়লেও আর্থিক সেবার কার্যকর ব্যবহার এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। প্রতিবেদনে আরো দেখা গেছে, আর্থিক সেবা গ্রহণের পাশাপাশি ডিজিটাল লেনদেনেও নারীদের অংশগ্রহণ কম। শহরের পুরুষদের মধ্যে ২৩.৮ শতাংশ অ্যাপভিত্তিক লেনদেন করলেও গ্রামীণ নারীদের ক্ষেত্রে এই হার ৩.৫ শতাংশ। ব্যাংক হিসাবধারীদের মধ্যে ডেবিট কার্ড ব্যবহার করে মাত্র ৯.৮ শতাংশ। বিশেষজ্ঞরা মনে করেন, শুধু হিসাব খোলার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্য অর্জন সম্ভব নয়। হিসাবধারীরা নিয়মিত লেনদেন করছেন কি না, সঞ্চয় করছেন কি না এবং প্রয়োজনের সময় ঋণ ও বীমাসেবা পাচ্ছেন কি না, সেটিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ড. লায়লা রশীদ বলেন, অনেক নারী ব্যাংক হিসাবের মালিক হলেও তাঁদের হিসাব পরিচালনা করেন পরিবারের পুরুষ সদস্যরা। ফলে নারীদের নামে হিসাব থাকলেই তাঁদের প্রকৃত আর্থিক ক্ষমতায়ন নিশ্চিত হয়েছেÑএমনটি বলা যায় না। এমন পরিস্থিতিতে অনেক নারী ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতে পারেন, অনেকে প্রতারিত হতে পারেন। জানা গেছে, প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক সেবায় আনতে বাংলাদেশ ব্যাংকের দেড় হাজার কোটি টাকার পুনরর্থায়ন স্কিমে ২৫ শতাংশ অর্থ নারীদের জন্য সংরক্ষিত রয়েছে। এ ছাড়া ১০০ কোটি টাকার ডিজিটাল ই-লোন স্কিমে নারীদের জন্য ২০ শতাংশ কোটা রয়েছে। এসব স্কিমের সুষ্ঠু বাস্তবায়ন জরুরি। আমরা মনে করি, দেশের অগ্রগতির জন্য নারীদের কার্যকর ভূমিকা অপরিহার্য। এ জন্য তাঁদের পুরোপুরি আর্থিক সেবার আওতায় আনা জরুরি। এ ক্ষেত্রে নারীদেরও এগিয়ে আসতে হবে। বিশেষ করে প্রান্তিক নারীরা যেন প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারেন, সে জন্য তাঁদের সক্ষম করে তুলতে বিশেষ উদ্যোগ নিতে হবে।
