বিনোদন

শাকিবের প্রিন্স সিনেমায় আসছে বলিউডের চিত্রগ্রাহক

প্রবাহ বিনোদন : ঢালিউডে আসছে নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে নির্মিত নতুন ছবি ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন মেগাস্টার শাকিব খান। আবু হায়াত মাহমুদের পরিচালিত এই সিনেমায় থাকছে রোম্যান্স, ক্রাইম আর অ্যাকশনের মিশেল। এরই মধ্যে ছবি ঘিরে এল এক সুসংবাদ; এতে যুক্ত হয়েছেন বলিউডের নামী চিত্রগ্রাহক অমিত রায়, যা নিঃসন্দেহে ছবির মান আরও সমৃদ্ধ করবে বলে আশা। গত শনিবার সন্ধ্যায় প্রযোজনা সংস্থা ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস সামাজিক মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়। ‘প্রিন্স’ সিনেমায় অমিত রায়ের যুক্ত হওয়ার খবর জানিয়ে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘প্রিন্স এখন কিংবদন্তীর লেন্সে! বাংলাদেশি সিনেমা এবার দেখতে যাচ্ছে এমন ভিজ্যুয়াল, যা আগে কখনো দেখা যায়নি।’ এদিকে অমিত রায়ের যুক্ত হওয়া প্রসঙ্গে নির্মাতা আবু হায়াত মাহমুদ গণমাধ্যমে বলেন, ‘আমরা শুরু থেকেই বলছিলাম প্রিন্স হবে লার্জার দ্যান লাইফ এক্সপেরিয়েন্স। সেই ভিশনকেই শক্তিশালী করতে আমাদের সঙ্গে যুক্ত হলেন অমিত রায়। আমি নিশ্চিত, তিনি বাংলাদেশের দর্শকদের জন্য এমন ভিজ্যুয়াল নিয়ে আসবেন, যা আগে কেউ দেখেনি।’ উল্লেখ্য, নির্মাতা রামগোপাল ভার্মার টিমে যুক্ত হয়ে চিত্রগ্রাহক হিসেবে নিজের যাত্রা শুরু করেন অমিত রায়। কাজ করেছেন ‘নিঃশব্দ’, ‘দাস কাহানিয়া’, ‘সরকার রাজ’, ‘দম মারো দম’, ‘লাভ আজকাল’, ‘ডানকি’, ‘অ্যানিমেল’- এর মতো সিনেমার চিত্রগ্রাহক হিসেবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button