প্রথমবারের মতো ওমরাহ করবেন জায়েদ খান

প্রবাহ বিনোদন : জুলাই-আগস্ট আন্দোলনের আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। তবে বাংলাদেশে সরকার পতনের পর মাতৃভূমিতে ফেরার ইচ্ছা থাকার পরও সেটি আর হয়ে ওঠেনি এ নায়কের। দীর্ঘদিন ধরে আমেরিকায় সময় কাটানো জায়েদ খান সেখানেই বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন। এরমাঝেই নতুন এক খবর দিলেন তিনি। প্রথমবারের মতো ওমরাহ পালনের জন্য সৌদি আরব গেছেন তিনি। ১০ দিনের সফরের জন্য যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন তিনি। জায়েদ খান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আপনারা সবাই জানেন, আমি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এবং সব রোজা রাখি। অনেক দিনের ইচ্ছে ছিল ওমরাহ পালন করব। অবশেষে আমার সেই কাক্সিক্ষত স্বপ্ন পূরণ হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন। দীর্ঘ সময় ধরে দেশের বাইরে রয়েছেন জায়েদ খান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’-য় নিয়মিত উপস্থাপনাও করছেন। তারকাদের নিয়ে তার এই অনুষ্ঠান ইতোমধ্যেই বেশ আলোচিত।



