সময় হলে সব জানাবেন বুবলী

োপ্রবাহ বিনোদন: ঢালিউডে আবারও আলোচনার কেন্দ্রে চিত্রনায়িকা শবনম বুবলী। মা হতে চলেছেন কি না, এমন গুঞ্জনে সরগরম বিনোদন অঙ্গন। সম্প্রতি একটি ব্র্যান্ডের অনুষ্ঠানে তার উপস্থিতি, শারীরিক পরিবর্তন ও কৌশলী বক্তব্য নতুন করে এই আলোচনাকে উসকে দিয়েছে। তবে সরাসরি স্বীকার কিংবা অস্বীকার কোনোটিই করেননি অভিনেত্রী। সময় এলেই সব জানাবেন, এমন ইঙ্গিতেই আপাতত থামিয়েছেন প্রশ্নবাণ। গত শুক্রবার রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে একটি ব্র্যান্ডের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে হাজির হন বুবলী। অনুষ্ঠানে সাদা রঙের ফ্লোর টাচ গাউনে তাকে দেখা যায়। সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের চোখে পড়ে তার শারীরিক গড়ন। অনেকেই দাবি করেন, ক্যামেরায় স্পষ্টভাবে ধরা পড়েছে বেবিবাম্প। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়। বিশেষ করে হাঁটাচলা ও ভঙ্গিমা দেখে অনেকের ধারণা, বুবলী মা হতে চলেছেন। তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী সরাসরি কিছু না বলে কৌশলী উত্তর দেন। তিনি বলেন, “আপনাদেরকে আমি কখনই সেই দোষটা দেই না, কারণ আপনারা নিউজ করবেন এটাই খুব স্বাভাবিক। অডিয়েন্সের জায়গা থেকে আগ্রহ থাকবেই। তবে সবকিছুরই তো একটা সময় আছে, একটা স্থান-কাল-পাত্র আছে।” তিনি আরও বলেন, আজ যেহেতু একটি গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে এসেছেন, তাই এই মুহূর্তে বিষয়টি স্বাভাবিকভাবেই এড়িয়ে যেতে চান। “যেদিন আমার প্রোগ্রাম হবে, সেদিন আমি সব বলব,”বলেন বুবলী। এদিকে শোনা যাচ্ছে, খুব শিগগিরই যুক্তরাষ্ট্রে যেতে পারেন এই অভিনেত্রী। গুঞ্জন রয়েছে, শাকিব খানের পরামর্শেই তিনি মার্কিন মুলুকে সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং সে সময় শাকিব খানও তার পাশে থাকতে পারেন। যদিও এ বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। দীর্ঘদিন ধরেই শাকিব খান ও বুবলীর সম্পর্কের দূরত্ব নিয়ে নানা কথা শোনা গেলেও তাদের আবার বাবা-মা হওয়ার গুঞ্জন নতুন করে প্রশ্ন তুলেছে। গত বছর নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে এই জুটিকে একসঙ্গে ঘুরতে দেখা যাওয়ার পর থেকেই পুনর্মিলনের আলোচনা শুরু হয়। বর্তমান পরিস্থিতিতে ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, বুবলীর সম্ভাব্য সন্তানের বাবা কি তবে শাকিব খানই। এ প্রসঙ্গে আরেক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুবলী বলেন, “কিছু বিষয় খুবই ব্যক্তিগত ও স্পর্শকাতর। এসব নিয়ে কথা বলার জন্য সঠিক সময় আর উপযুক্ত পরিবেশ প্রয়োজন।” তিনি জানান, শান্ত ও স্বাভাবিক পরিবেশেই এমন বিষয় নিয়ে কথা বলতে চান এবং সবার প্রতি সম্মান রেখেই নিজের অবস্থান জানাবেন। সাংবাদিকদের প্রতিও অনুরোধ জানান অভিনেত্রী। তার ভাষায়, দর্শকদের জানার আগ্রহ স্বাভাবিক, তবে শিল্পী ও তাদের ব্যক্তিগত বিষয়গুলো যেন সম্মানের সঙ্গে উপস্থাপন করা হয়। আপাতত রহস্য রেখেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রইলেন শবনম বুবলী।



