‘আমি বিবাহিত, ডিভোর্সড নই’, গুঞ্জনে জবাব বুবলীর

এফএনএস বিনোদন: আবার কি মা হচ্ছেন শবনম বুবলী? শোবিজ অঙ্গনে এখন ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনের মধ্যে এক পডকাস্টে এসে নায়িকা জানালেন, তিনি ডিভোর্সি নন। তাই মা হচ্ছেন কি না, সেটি প্রকাশ করবেন কি করবেন না, তা তার ব্যক্তিস্বাধীনতার বিষয়। বছরের শুরু থেকেই ছড়িয়ে পড়ে, দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন বুবলী। এমনকি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলেও বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশ হয়। তবে এ নিয়ে সরাসরি কিছু বলেননি তিনি। সম্প্রতি টেলিভিশন-এর একটি পডকাস্টে অতিথি হয়ে ব্যক্তিগত প্রসঙ্গে কথা বলেন, কিন্তু গুঞ্জনের জবাবে রাখেন কৌশলী অবস্থান। বুবলী বলেন, “আমি একজন বিবাহিত মানুষ। আমি ডিভোর্সি নই। তাই প্রেগন্যান্ট হচ্ছি কি না হচ্ছি, এটা কখন দর্শকদের বলব বা কেন বলছি না, এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিস্বাধীনতা। একজন বিবাহিত নারীকে নিয়ে যখন মানুষ অনেক গল্প তৈরি করে, সেটা খুব দুঃখজনক।” তিনি আরও বলেন, “সবকিছু কেন দর্শকদের কাছে জবাবদিহি করতে হবে? ব্যক্তিগত বিষয়গুলো কখন বলব, এটাও আমাদের নিজস্ব সিদ্ধান্ত।” এর আগে কয়েক বছর আগে শাকিব খান একাধিক সাক্ষাৎকারে বলেছিলেন, অপু বিশ^াস ও বুবলী তার জীবনে এখন অতীত। সেই প্রসঙ্গ টেনে বুবলী বলেন, “ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে মানুষ হয় বিবাহিত, নয়তো ডিভোর্সড, সেপারেটেড কিংবা বিধবা। এখানে অতীত বলে কোনো অপশন থাকে না।” শাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে তার ভাষ্য, “আমাদের কখনো ডিভোর্স হয়নি। বিষয়টি নিয়ে অনেকে দ্বিধায় থাকেন, তাই পরিষ্কার করলাম।” সামাজিক মাধ্যমে প্রায়ই তাকে ও অপু বিশ^াসকে ঘিরে পাল্টাপাল্টি মন্তব্য দেখা যায়। এ প্রসঙ্গে বুবলী বলেন, “আমার পক্ষ থেকে কখনোই পাল্টাপাল্টি বিষয়টি আসেনি। আমি এসব করি না।” উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে বিয়ের কথা প্রকাশ করেন বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তাদের পুত্রসন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। পরবর্তীতে বিচ্ছেদের গুঞ্জন ছড়ালেও আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের ঘোষণা আসেনি। ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা চললেও বুবলী স্পষ্ট করেছেন, পেশাগত কাজের বাইরে ব্যক্তিগত বিষয় প্রকাশ করা না করা তার নিজস্ব সিদ্ধান্ত।



