৩১ হাজার ইউক্রেনীয় সেনা নিহত দুই বছরে : জেলেনস্কি

প্রবাহ ডেস্ক : রাশিয়ার পুরোদমে আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩১ হাজার সেনা নিহত হয়েছে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা দুই বছরের বেশি সময় ধরে চলছে দুই দেশের মধ্যে যুদ্ধ। জেলেনস্কি বলেন, ‘এই যুদ্ধে ৩১ হাজার ইউক্রেইনীয় সেনা নিহত হয়েছে। তিন লাখ বা দেড় লাখ সেনা নিহত হয়নি যেমনটি রুশ প্রেসিডেন্ট ও তার মিথ্যাবাদী চক্র দাবি করছে। তার পরও প্রতিটি সেনার মৃত্যুই আমাদের জন্য ক্ষতি।’ রাজধানী কিয়েভে রোববার এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি এই প্রথম সেনা নিহতের সরকারি পরিসংখ্যানের কথা বলেন। তবে আহত সেনার সংখ্যা উল্লেখ করেননি জেলেনস্কি। কারণ রুশ সামরিক বাহিনীর পরিকল্পনার জন্য তা সহায়ক হতে পারে। বিবিসির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা গত আগস্টে ইউক্রেইনীয় সেনা নিহতের সংখ্যা ৭০ হাজার উল্লেখ করেছিল এবং আহতের সংখ্যা এক লাখ ২০ হাজার বলে জানিয়েছিলেন। ওদিকে ইউক্রেইন যুদ্ধে রাশিয়ার ক্ষয়ক্ষতির বিষয়ে ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এক লাখ ৮০ হাজার রুশ সেনা যুদ্ধে নিহত হয়েছে এবং আরো হাজার হাজার সেনা আহত হয়েছে। সম্প্রতি ইউক্রেইনে বেশ কিছু পশ্চিমা সাহায্য সরবরাহে বিলম্ব এবং ইউক্রেনীয় সেনা নিহতের সংখ্যা রাশিয়ার বাড়িয়ে বলার প্রেক্ষাপটে জেলেনস্কি সর্বসাম্প্রতিক এই পরিসংখ্যান জানিয়েছেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, সমস্ত পশ্চিমা সাহায্যের অর্ধেকই পৌঁছতে দেরি হওয়ার কারণে ইউক্রেইনে সেনাদের প্রাণহানি হচ্ছে এবং ভূখ-ও হাতছাড়া হচ্ছে। সূত্র : বিবিসি



