আন্তর্জাতিক

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

প্রবাহ ডেস্ক : আফগানিস্তানে সামরিক স্থাপনা এবং সন্ত্রাসীদের আস্তানাকে নিশানা বানিয়ে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানের ভূখ-ে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানার দাবি করেছে।
দক্ষিণ এশিয়ার বৈরী দুই প্রতিবেশির মাঝে দীর্ঘদিন ধরে চলা ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে রোববার রাতে সীমান্ত লাগোয়া আফগান ভূখ-ে হামলা চালানোর ওই দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।
পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে, কান্দাহার প্রদেশে আফগান তালেবান ও সন্ত্রাসীদের ব্যবহৃত প্রযুক্তিগত সহায়তা অবকাঠামো এবং একটি সরঞ্জাম মজুত কেন্দ্র ধ্বংস করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।
এছাড়া পৃথক হামলায় কান্দাহারের একটি সুড়ঙ্গ ধ্বংস করা হয়েছে। ওই সুরঙ্গে আফগান তালেবান ও তাদের অনুসারী নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) প্রযুক্তিগত সরঞ্জাম ছিল বলে দাবি করেছে পাকিস্তান।
পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার পাকিস্তানের নিরাপত্তা নিয়ে তোলা প্রধান প্রধান উদ্বেগের সমাধান না করা পর্যন্ত এই ধরনের হামলা অব্যাহত থাকবে।
কান্দাহারের স্থানীয় বাসিন্দারা বলেছেন, রোববার রাতে শহরের ওপর দিয়ে যুদ্ধবিমান উড়তে দেখেছেন এবং বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা। একই সঙ্গে পাকিস্তানের সীমান্ত লাগোয়া আফগানিস্তানের স্পিন বালদাক ও খোস্ত প্রদেশেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। তবে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এএফপিকে বলেছেন, পাকিস্তানি হামলায় কান্দাহারে একটি মাদক পুনর্বাসন কেন্দ্র ও একটি খালি কন্টেইনার ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button