স্রেফ মজার জন্য ইরানের খারগ দ্বীপে আরও হামলার হুমকি ট্রাম্পের

প্রবাহ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের খারগ দ্বীপে আরও হামলার হুমকি দিয়েছেন। একইসঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ জলপথ ‘হরমুজ প্রণালি’ নিরাপদ রাখতে মিত্র দেশগুলোকে যুদ্ধজাহাজ মোতায়েনের আহ্বান জানিয়েছেন তিনি। খবর আল-জাজিরার।
স্থানীয় সময় শনিবার (১৪ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মার্কিন হামলায় ইরানের তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপের একটি বড় অংশ ‘পুরোপুরি ধ্বংস’ হয়ে গেছে।
তিনি দ্বীপটিতে আরও হামলার হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা হয়তো মজা করার জন্য আরও কয়েকবার সেখানে আঘাত করব।”
ট্রাম্পের এই মন্তব্যকে পরিস্থিতির চরম অবনতি হিসেবে দেখা হচ্ছে, কারণ এর আগে তিনি বলেছিলেন- যুক্তরাষ্ট্র খারগ দ্বীপের কেবল সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তাদের জ্বালানি স্থাপনায় যেকোনো হামলার কড়া জবাব দেবে ইরান। এমএস নাউ নিউজ চ্যানেলকে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের রাস আল-খাইমাহ ও দুবাইয়ের ‘খুব কাছের’ একটি জায়গা থেকে খারগ দ্বীপে হামলা চালিয়েছে। বিষয়টিকে ‘বিপজ্জনক’ আখ্যা দিয়ে পাল্টা হুমকি দিয়ে তিনি বলেন, ইরান সেখানে ‘জনবহুল এলাকায় হামলা না করার বিষয়ে সতর্ক থাকার চেষ্টা করবে।’
এদিকে, বিশ্বের মোট তেল সরবরাহের এক-পঞ্চমাংশ যে হরমুজ প্রণালি দিয়ে যায়, তা বন্ধ করে দেওয়ার তেহরানের সক্ষমতা বিশ্ববাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। এর ফলে বিশ্বব্যাপী তেল সরবরাহে এযাবৎকালের সবচেয়ে বড় ব্যাঘাত ঘটার উপক্রম হয়েছে।



