আন্তর্জাতিক

‘অন্তহীন যুদ্ধ’ এড়াতেই কি পিছু হটলেন ট্রাম্প?

প্রবাহ ডেস্ক : মাত্র এক দিনের ব্যবধানে ইরানকে ‘পুরোপুরি ধ্বংস’ করার হুমকি থেকে সরে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিপর্যস্ত এই ইসলামি প্রজাতন্ত্রের নেতারা একটি ‘কার্যকর’ পরিকল্পনা পেশ করেছে বলে ঘোষণা দিয়েছেন। এর ফলে তিনি ১৪ দিনের এক যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন; যা প্রায় ছয় সপ্তাহ ধরে চলা এই যুদ্ধের অবসানে পথ প্রশস্ত করবে বলে আশা প্রকাশ করছেন তিনি।
পাকিস্তানের নেতৃত্বে মধ্যস্থতাকারীরা সংঘাতের বিস্তার ঠেকাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছিলেন। এর মাঝেই পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটে, বদলে যায় ট্রাম্পের সুর। চুক্তির তৎপরতার বিষয়ে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন দুই কর্মকর্তা বলেছেন, ‘‘এমনকি ইরানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং যুক্তরাষ্ট্রের প্রধান অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনও পর্দার আড়াল থেকে যুদ্ধবিরতির পথ খুঁজতে সক্রিয় ছিল।’’
অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প দাবি করেন, ‘‘যুদ্ধবিরতিতে রাজি হওয়ার কারণ হলো আমরা ইতোমধ্যে আমাদের সমস্ত সামরিক লক্ষ্য অর্জন করেছি এবং লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সাফল্য পেয়েছি। ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী শান্তি এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে আমরা একটি চূড়ান্ত চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছি।’’
বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য তেহরানকে বেধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার মাত্র ৯০ মিনিট আগে যুদ্ধবিরতির ওই ঘোষণা দেন ট্রাম্প। সময়সীমার মাঝে হরমুজ প্রণালি খুলে দেওয়া না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button