আন্তর্জাতিক

‘পাকিস্তানি’ বলে ভারতে ককরোচ পার্টির নেতাদের ওপর হামলা

প্রবাহ রিপোর্ট ঃ ভারতের রাজস্থানের জয়পুরে সরকারি একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যাওয়ার পথে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ আগস্ট) বগরু বিধানসভা এলাকার রামপুরা কানওয়ারপুরা গ্রামে এ ঘটনা ঘটে। সিজেপির দাবি, স্থানীয়দের সঙ্গে থাকা কিছু লোক তাদের পথ আটকে ‘পাকিস্তানি’, ‘আরবান নকশাল’ ও ‘দেশবিরোধী’ বলে গালিগালাজ করে এবং পরে তাদের ওপর হামলা চালায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। সিজেপির সহ-প্রতিষ্ঠাতা ও সহ-সমন্বয়ক আশুতোষ রাঙ্কার নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পরিদর্শনে যাচ্ছিল। বিদ্যালয়টির অবস্থা খতিয়ে দেখতে দলটি ‘স্কুল ঠিক করো’ কর্মসূচির অংশ হিসেবে সেখানে যায়। কিন্তু গ্রামে ঢোকার আগেই কয়েকজন স্থানীয় বাসিন্দা তাদের পথ আটকে দেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রতিনিধিদলের সদস্যদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হয়। সিজেপির অভিযোগ, হামলাকারীরা তাদের ‘পাকিস্তানি’, ‘আরবান নকশাল’ ও ‘দেশবিরোধী’ বলে আক্রমণাত্মক স্লোগান দেয়। পরে তাদের ওপর পাথর নিক্ষেপ ও শারীরিক হামলা করা হয়। এতে দলের কয়েকজন কর্মী আহত হন। একটি গাড়ির কাচ ভাঙচুর করা হয় এবং দলের এক সদস্যের হাত ভেঙে যায় বলেও দাবি করেছে সিজেপি। আশুতোষ রাঙ্কার অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের আমন্ত্রণেই তারা বিদ্যালয়টি পরিদর্শনে গিয়েছিলেন এবং তাদের সফরের বিষয়ে পুলিশকে আগেই জানানো হয়েছিল। তার দাবি, বিজেপির সঙ্গে যুক্ত কিছু লোক পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। সিজেপি আরও অভিযোগ করেছে, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও হামলা ঠেকাতে কার্যকর ভূমিকা নেয়নি। সিজেপির আরেক সদস্য শিবাঙ্গী শর্মা অভিযোগ করেন, দলের নারী সদস্যদেরও হেনস্তা করা হয়েছে। তাদের মোবাইল ফোন ভেঙে দেওয়া হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলেও তিনি দাবি করেন। তবে হামলার পেছনে বিজেপির সরাসরি সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করা হয়েছে। স্থানীয়দের বক্তব্য, বিদ্যালয় পরিদর্শনের নামে সিজেপির ওই এলাকায় যাওয়ার প্রয়োজন ছিল না। তাদের দাবি, বিদ্যালয়টির সংস্কারের জন্য সরকারি অর্থ ইতোমধ্যে বরাদ্দ হয়েছে এবং স্থানীয়ভাবেই এর কাজ করা সম্ভব। জানা গেছে, যে বিদ্যালয়টি দেখতে সিজেপির প্রতিনিধিদল গিয়েছিল, সেটির মূল ভবনকে অনিরাপদ ঘোষণা করা হয়েছে। ফলে সেখানে নিয়মিত শ্রেণি কার্যক্রম না চালিয়ে একটি গোয়ালঘর বা গবাদিপশুর শেডে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হচ্ছে বলে সিজেপি দাবি করেছে। এই পরিস্থিতি তুলে ধরতেই দলটি ‘স্কুল ঠিক করো’ কর্মসূচির আওতায় বিদ্যালয়টি পরিদর্শনে যায়। ঘটনাকে কেন্দ্র করে রাজস্থান বিধানসভাতেও ব্যাপক উত্তেজনা তৈরি হয়। কংগ্রেসের রাজ্য সভাপতি গোবিন্দ সিং ডোটাসরা হামলার জন্য বিজেপিকে দায়ী করেন। অন্যদিকে রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী জওহর সিং বেধাম অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেন, সিজেপির আড়ালে কংগ্রেসই এলাকায় অস্থিরতা তৈরির চেষ্টা করছে। ঘটনার পর সিজেপি হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। দলটির নেতারা পুলিশকে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন। এদিকে ঘটনাটি ঘিরে রাজস্থানে রাজনৈতিক উত্তেজনাও বেড়েছে। তথ্যসূত্র: এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button