স্থানীয় সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। প্রত্যুষে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর নেতৃত্বে গল্লামারী শহীদ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আয়োজিত কর্মসূচির শুভ সূচনা করেন। সকাল ৯টায় সিটি মেয়র, মেয়র প্যানেলের সদস্য, কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে নগর ভবনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কিশোর-কিশোরীদের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য, কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, কর্মকর্তা ও সর্বস্তরের কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দিবসটি পালন উপলক্ষে সূর্য্যােদয়ের সাথে সাথে নগর ভবন, মেয়র ভবন, ওয়ার্ড অফিস কাম কমিউনিটি সেন্টার, খালিশপুর শাখা অফিস, স্বাস্থ্য ভবন, কেসিসি পরিচালিত স্কুল ও কলেজ, ম্যাটারনিটি হাসপাতালসমূহ এবং শহীদ হাদিস পার্কে জাতীয় পতাকা উত্তোলন; নগরীর প্রবেশদ্বার, গুরুত্বপূর্ণ আইল্যান্ড ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা দ্বারা সজ্জিত এবং বীর বাঙালী ভাস্কর্য, নগর ভবন, খালিশপুর শাখা অফিস ও শহীদ হাদিস পার্কসহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়সমূহ আলোকসজ্জা করা হয়। এছাড়া খালিশপুরস্থ ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক ও গল্লামারীস্থ লিনিয়র পার্কে শিশুদের বিনামূল্যে প্রবেশের জন্য উম্মুক্ত রাখা হয়। বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে কেসিসি ও জেলা প্রশাসনের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলা প্রশাসন জয়লাভ করে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button