স্থানীয় সংবাদ

তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বাসদ’র বিবৃতি

খবর বিজ্ঞপ্তি ঃ সারা দেশে আওয়ামী ছাত্র-যুবলীগ ও পুলিশের হামলায় ৬ জন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ক্ষোভ এবং জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ এই ভোটারবিহীন সরকারের অবিলম্বে পদত্যাগ দাবি করেছে বাসদ। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা কমিটির আহ্বায়ক কমরেড জনার্দন দত্ত নান্টু এবং সদস্য সচিব কমরেড কোহিনুর আক্তার কণা ১৬ জুলাই সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে রংপুর, চট্টগ্রাম ও ঢাকায় পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলা ও গুলিবর্ষণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ, রংপুর স্কুলের শিক্ষার্থী রীতা, চট্টগ্রামে ৩ জন এবং ঢাকা কলেজের সামনে একজনসহ মোট ছয় জনের মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। এরই মধ্যে গত দুই দিনের ছাত্রলীগ-যুবলীগ এবং পুলিশের সহিংস হামলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে কয়েক হাজার শিক্ষার্থী আহত হয়েছে। নেতৃবৃন্দ দেশের এই চলমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বলেন, সরকার রাগ ও জেদের বশবর্তি হয়ে এই পরিস্থিতি তৈরি করেছে; ফলে এর দায় এড়াতে পারে না। বরং সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেতু, স্বরাষ্ট্র, তথ্য ইত্যাদি বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা যেসকল মন্তব্য করেছেন তাতে পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। বিশেষত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের যেভাবে ছাত্রলীগকে তাদের সন্ত্রাসী কর্মকান্ড ঘটানোর ক্লিনসীট দিয়েছেন তা সারা দেশের মানুষকে হতবাক করেছে। ফলে ছাত্রলীগ আজ নব্য এনএসএফ-এর ভূমিকায় অবতীর্ণ হয়ে গোটা ছাত্র সমাজের মুখোমুখি দাঁড়িয়ে গেছে। আজকে দেশের আপামর ছাত্রসমাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সবগুলো ক্যাম্পাসকে রক্তাক্ত করছে। এবং সরকারের পেটোয়া পুলিশবাহিনী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দলদাস প্রশাসন শুধু নীরব দর্শকের ভূমিকায়ই অবতীর্ণ হয়নি সন্ত্রাসী ছাত্রলীগকে প্রশ্রয়-পৃষ্ঠপোষকতা করছে। অনেক স্থানে পুলিশ এবং ছাত্রলীগ-যুবলীগ যৌথভাবে শিক্ষার্থীদের উপর হামলা করছে। নেতৃবৃন্দ মনে করেন জনগণের ম্যান্ডেটবিহীন এই সরকার দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতি চলতে থাকলে দেশকে আরও সংঘাত ও সহিংসতার দিকে নিয়ে যাবে। এই সকল ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে শেখ হাসিনার সরকারকে পদত্যাগের আহবান জানাচ্ছে। একই সাথে জনগণ ও শিক্ষার্থীদের প্রতি আহবান জানাচ্ছে রাজপথে নেমে আসুন এবং ঐক্যবদ্ধভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের প্রতিরোধ করুন। শিক্ষাঙ্গণের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করুন। নেতৃবৃন্দ একই সাথে সকল বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তিকে আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন হটিয়ে জনগণের বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার সংগ্রাম জোরদার করার আহ্বান জানান।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button