খুলনার শিববাড়ি মোড়ে শিক্ষার্থীদের অবস্থান

স্টাফ রিপোর্টার ঃ কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে অবস্থান নিয়েছে খুলনা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টা থেকে তাদের অবস্থান কর্মসূচি শুরু হয়। বেলা দেড়টায় কর্মসূচি শেষ করে ফিরে যায় তারা। এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু শিক্ষার্থীরা অনড় অবস্থানে থাকেন। পরে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. মোজাম্মেল হক শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা সেখান থেকে চলে যান। এ সময় তারা শিক্ষার্থীদের হত্যার বিচার, মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবি জানান। শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে স্লোগান দেন। এদিকে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে খুলনা-যশোর মহাসড়ক, মজিদ সরণি, কেডিএ এভিনিউ, ইব্রাহিম মিয়া সড়কসহ আশপাশের কয়েকটি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা বলেন, আমাদের ট্যাক্সের টাকায় কেনা গুলি দিয়ে আমাদের হত্যা করা হচ্ছে। আন্দোলন গুলি করে শিক্ষার্থীদের মেরেছে পুলিশ। শান্তিপূর্ণ আন্দোলনে যে রক্তের বন্যা বইয়ে দেওয়া হয়েছে তা নজিরবিহীন। এই নৃশংসতায় সারা পৃথিবীর মানুষ স্তব্ধ হয়ে গেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। জানা গেছে, বেলা ১২ টার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিল। তাদের ঘিরে রাখে বিপুল সংখ্যক পুলিশ। পরে দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়।



