স্থানীয় সংবাদ

খুলনার রাজপথেই শুকরিয়া নামাজ আদায় : মিষ্টি বিতরণ

স্টাফ রিপোর্টার ঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে যাওয়ার খবরে উচ্ছসিত হয়ে পড়েছে খুলনার ছাত্র জনতা। সাধারণ মানুষও যুক্ত হয়েছেন তাদের সঙ্গে। লাখো জনতার ঢল এখন খুলনার শিববাড়ি মোড়ে।
এদিকে, লাখো জনতার ঢলের মধ্যে এবং বৃষ্টি মাথায় নিয়ে কর্দমত্ত রাজপথেই দু’রাকাত শুকরিয়া নামাজ আদায় করেছেন খুলনাবাসী। তাৎক্ষণিকভাবে কয়েকজন এ নামাজ শুরু করলে সঙ্গে সঙ্গে পেছনে অন্যরাও সামিল হন কাতারে। এভাবেই শুকরিয়া নামাজ আদায়, দোয়া, মিস্টি বিতরণ এবং আনন্দ উল্লাসের মধ্য দিয়ে আন্দোলনকারী ছাত্র-জনতা তাদের বিজয়কে উদযাপন করছেন। রাজপথে নেমে এসেছেন বিএনপি ও জামাত শিবিরসহ আন্দোলনকারী বিভিন্ন দলের নেতৃবৃন্দ।
এর আগে সোমবার সকাল থেকেই শিববাড়ি মরে ছাত্র জনতার ঢল নামে। দুপুর পৌনে একটাই সেনাবাহিনী প্রধানের ভাষণের খবর ছড়িয়ে পড়লে জনতা অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। দুপুর দুইটা নাগাদ শেখ হাসিনার পদত্যাগের খবর ইথারে ইথারে ছড়িয়ে পড়লে আনন্দ উচ্ছ্বাস বাঁধভাঙ্গা স্রোতের মত ছড়িয়ে পড়ে। বিকেল তিনটা নাগাদ লাখো লাখো জনতা শিববাড়ী মোড়ে আনন্দ উৎসবে যোগ দেন। অসংখ্য মা-বাবা তাদের ছোট ছোট শিশুদের নিয়েও হাজির হন বিজয় উৎসবে। বিভিন্ন স্থান থেকে বিজয় মিছিল আসতে থাকে শিব বাড়িতে। এর মধ্যে খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোঃ মনিরুজ্জামান মনির নেতৃত্বে একটি মিছিল শিববাড়ি মোড় চক্কর দেয়। এছাড়াও সন্ধ্যার পর জামায়াত-ছাত্রশিবিরের একটি মিছিল ও পথসভা করতে দেখা গেছে। এ সময় জামায়াতের খুলনা অঞ্চল পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, নগর সেক্রেটারী এ্যাড. জাহাঙ্গীর হোসাইন হেলালসহ অনেকেই বক্তৃতা করেন। এর বাইরেও ছাত্রদল-যুবদলসহ ব্যক্তিগত, সমষ্টিক ও পারিবারিকভাবেও অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল শিববাড়ি মোড়ে আসতে দেখা যায়। সর্বশেষ বিকেল পৌনে পাঁচটা নাগাদ জনস্রোত এবং আনন্দ উৎসব অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button