নগরীর শিববাড়ি মোড়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী চার দফা দাবি পেশ

স্টাফ রিপোর্টারঃ খুলনার শিববাড়ি মোড়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে পালিত হয়। বৃহস্পতিবার বিকালে নগরীর শিববাড়ি মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ অবস্থান কর্মসূচীর আয়োজন করা হয় বলে অন্যতম সমন্বয়ক খুবি শিক্ষার্থী বিপুল শাহরিয়ার জানান। তিনি জানান, এ কর্মসূচীতে খুলনার বিএল কলেজ, সিটি কলেজ, মুহসিন কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হয়েছে চলে সন্ধ্যা পর্যন্ত। সমাবেশে শিক্ষার্থীরা সেখানে ৪টি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-ফ্যাসিবাদী কাঠামো ব্যবহার করে শেখ হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন।সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও তার সহযোগী মহাজোটের শরিক দলগুলোর ‘পরিকল্পিত হত্যা-ডাকাতি-লুণ্ঠনের’ মাধ্যমে গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার অপচেষ্টায় অংশগ্রহণ করা ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনা ও সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নেওয়া। প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানকালে হামলা-মামলা-হত্যাযজ্ঞ বৈধতা দিয়েছেন তাদের অপসারণ ও নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনা। প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছেন, তাদের দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা এ বিষয়ে বলেন, ছাত্র-জনতার সম্মিলিত প্রচেষ্টায় লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। চব্বিশের পরাজিত শক্তিরা এই স্বাধীনতাকে ধূলিসাৎ করার পাঁয়তারা করছে। রক্তের দাগ এখনো শুকায়নি, আমাদের লড়াই সংগ্রাম এখনো থেমে যায়নি। যারা পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে তাদের ছাত্ররা কঠোরভাবে প্রতিহত করবে।



