মাদারীপুরে পুলিশ তদন্ত কেন্দ্রে ভাঙচুর : টানালো নিষিদ্ধ সর্বহারা দলের পতাকা

অস্ত্রের মুখে জিম্মি করে দুই নৈশপ্রহরীকে মারধর করেছে দুর্বৃত্তরা, সেনাবাহিনী ও সদর মডেল থানা পুলিশের একটি দল গতকাল শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন কওে
মাদারীপুর প্রতিনিধি ঃ মাদারীপুরে পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে। অস্ত্রের মুখে জিম্মি করে দুই নৈশপ্রহরীকে মারধর করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার ভোরে মাদারীপুর সদর উপজেলার আগুলকাটা পুলিশ তদন্ত কেন্দ্রে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী ও সদর মডেল থানার পুলিশের একটি দল। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চলমান পরিস্থিতিতে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশে আগুলকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের সব অস্ত্র, গোলাবরুদ ও পুলিশ সদস্যদের সদর মডেল থানায় নিয়ে আসা হয়। সেখানে স্থানীয় চৌকিদার আনোয়ার ও বাচ্চুকে পাহারার দায়িত্ব দেওয়া হয়। প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে পুলিশ তদন্ত কেন্দ্রে ঘুমিয়ে পড়েন ওই দুই নৈশপ্রহরী। ভোরে একদল দুর্বৃত্ত গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। নৈশপ্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে আসবাবপত্র ভাঙচুর চালায় পূর্ব বাংলা সর্বহারা পার্টির সদস্যরা। বাধা দিলে নৈশপ্রহরীদের মারধর করা হয়। পরে সিসিটিভি ক্যামেরা নষ্ট করে পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নিষিদ্ধ পূর্ব বাংলা সর্বহারা পার্টির পতাকা টানিয়ে চলে যায় হামলাকারীরা। খবর পেয়ে সেনাবাহিনী ও সদর মডেল থানা পুলিশের একটি দল গতকাল শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এই ঘটনায় কাউকেই আটক করা সম্ভব হয়নি। মাদারীপুর সদর মডেল থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন জানান, একদল দুর্বৃত্ত সর্বহারা পার্টিদের একটি পতাকা টানিয়ে রেখে গেছে। তবে পুলিশ তদন্ত কেন্দ্রের তেমন কোনো ক্ষতি করতে পারেনি। এ ছাড়া গুরুত্বপূর্ণ সব জিনিসপত্র, মালামাল তদন্ত কেন্দ্র থেকে সরিয়ে নিরাপদ স্থানে অনেক আগেই নিয়ে আসা হয়েছে। এ ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তদন্ত কেন্দ্র থেকে পুলিশ সদস্যদের নিয়ে এসে থানায় যোগদান করানো হয়েছে।



