অস্ত্রে হাতে বিএনপি নেতা : ষড়যন্ত্রের শিকার হয়েছেন দাবি রহিম সানার

# সংবাদ সম্মেলনে অভিযোগ #
স্টাফ রিপোর্টার ঃ
কয়রায় একটি বদ্ধ জলমহাল ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির অস্ত্র হাতে মহড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য প্রতিপক্ষ পরিকল্পিত ভাবে গোপন ক্যামেরার একপাক্ষিক ভাবে ভিডিও করে ছড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী বিএনপি নেতা আব্দুর রহিম সানা। গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। লিখিত বক্তব্যে তিনি জানান ২০০৪ সাল থেকে বৈধভাবে বরাদ্দ নিয়ে পাতিয়াখালী বদ্ধ জলমহালে চিংড়ি চাষ করতেন। ২০২১ সালে চিংড়ি মহালের- পরিবর্তে জলমহাল ঘোষণা হলে তিনি প্রথমে হাইকোর্টে এবং পরে সুপ্রিম কোর্টে আপিল করেন। মামলা চলমান থাকা অবস্থায় উপজেলা প্রশাসন গত জানুয়ারিতে টেন্ডার আহ্বান করে। বাগালি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ গাজীর ভাইপো গাজী জাহাঙ্গীর হোসেন জলমহাল বরাদ্দের ভুয়া কাগজপত্র নিয়ে দখলের চেষ্টা চালান। ২৩ নভেম্বর দুপুরে জাহাঙ্গীর হোসেন, সাব্বির হোসেন সহ ১৫/২০ জন ব্যক্তি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়ির সামনে মহড়া দেয়। নিরাপত্তার কথা চিন্তা করে তিনি নিজস্ব লাইসেন্সকৃত বন্দুক হাতে বাড়ি থেকে বের হন। এ সময়ের একটি ভিডিও চিত্র গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে প্রতিপক্ষ।



