খুলনাসহ ৮ জেলার ভোক্তা অধিকারের ৯ টিমের অভিযানে ১ লাখ ৭২ হাজার জরিমানা

# মাহে রমজানকে ঘিরে খুলনার বাজার নিয়ন্ত্রন রাখতে #
মো. আশিকুর রহমান : পবিত্র মাহে রমজানকে ঘিরে খুলনার বাজার নিয়ন্ত্রন, নিয়মিত তদারকি ও অভিযান অব্যহত রেখেছে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় সমূহ। ওই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২০ মার্চ) ভোক্তা অধিকার অধিদপ্তরের ৯টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর, ক্রয় ভাউচার যাচাই করাসহ সকল পর্যায়ের ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেন সংশ্লিষ্টরা। তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারিও দেন সংশ্লিষ্টরা। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকির পাশাপাশি জরিমানা আরোপ ও আদায় করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার মজিদ স্মরনী এলাকায় অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে খুলনা মহানগরীর নতুন বাজার ও আহসান আহমেদ রোড এলাকায় অভিযান চালিয়ে ২ টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলীর নেতৃত্বে সদর উপজেলার এনএস রোড এলাকায় অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদের নেতৃত্বে মহাম্মদপুর উপজেলার নহাটা ও রাজাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ টি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার বড়বাজার ও ফেরিঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সৈয়দা তামান্না তাসনিমের নেতৃত্বে বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয়।
ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে কালিগঞ্জ উপজেলার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শরিফা সুলতানার নেতৃত্বে সদর উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে সদর উপজেলার কদমতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়। অভিযানে ১৩ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে জাতীয় ভোক্তা-অধিকার খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মাদ সেলিম জানান, পবিত্র মাহে রমজানকে ঘিরে খুলনার বাজারে আমাদের নিয়মিত তদারকিসহ অভিযান অব্যহত আছে। ভোক্তার অধিকার লঙ্ঘিত করলে ওই ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসাবে জরিমানা আরোপসহ আদায় করা হচ্ছে। খুলনার বাজার সমূহে কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠান সরকার প্রদত্ত নিয়মনীতির বাইরে ব্যবসা পরিচালনা করলে তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে। জনস্বার্থে আমাদের কার্যক্রম চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা।



