যশোরে সেনা সদস্য স্বামীর বিরুদ্ধে স্ত্রীর যৌতুক মামলা

যশোর ব্যুরো ঃ যৌতুক নিরোধ আইনে যশোরে সেনা সদস্য রায়হান আহম্মেদের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার ১৯ মার্চ যশোর সদরের জিরাট গ্রামের সামছুর মোল্যার মেয়ে আসামির স্ত্রী সুমাইয়া খাতুন বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতয়াল থানার ওসিকে। আসামি রায়হান আহম্মেদ অভনগরের বিভাগদি গ্রামের রফিকুলের ছেলে। তিনি বর্তমানে বগুড়া ক্যান্টনমেন্টে সৈনিক পদে কর্মরত আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রুহিন বালুজ।
আদালতে দায়ের করা মামলায় বলা হয়েছে, গত ২০২৪ সালের ১৪ জুন আসামি রায়হান আহম্মেদ পরিবারিক ভাবে সুমাইয়া খাতুনকে বিয়ে করেন। বিয়ের কয়েক মাস পর আসামি রায়হান তার স্ত্রীর কাছে যৌতুক দাবি করে মানসিক ও শারিরীক নির্যাতন শুরু করেন। গত ডিসেম্বর মাসে আসামি তার স্ত্রীর কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করলে দিতে অস্বীকার করায় অন্তঃসত্তা অবস্থায় পিতার বাড়ি তাড়িয়ে দেয়। গত ৫ মার্চ সুমাইয়া খাতুন কণ্যা সন্তানের জন্ম দেয়। এ সংবাদ তার স্বামী ও শ্বশুর বাড়িতে জানালে তারা কোন খোজখবর নেননি। ১৭ মার্চ আসামি রায়হানকে শ্বশুর বাড়ি ডেকে বিষয়টি মিমাংসার চেষ্টা করলে ২ লাখ টাকা ছাড়া স্ত্রীকে নিবে না বলে জানিয়ে চলে যান। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে সুমাইয় খাতুন বাদী হয়ে বৃহস্পাতিবার তার স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে আদালতে এ মামলা করেছেন।



