শিরোমণিতে সিটি ফুডসহ তিনটি সেমাই কারখানায় বিএসটিআই’র অভিযান

# সিটি ফুড অন্য কোম্পানির নকল মোড়কে প্যাকেটজাত করায় সতর্ক করল বিএসটিআই #
স্টাফ রিপোর্টার : নগরীর শিরোমণিতে সিটি ফুড ইন্ডাস্ট্রিজ, নিউ হুগলী বিস্কুট কোম্পানি ও ইয়াদুল বেকারীতে রোববার দিনব্যাপী খুলনা বিভাগীয় বিএসটিআই’র অভিযান পরিচালিত হয়। অভিযানে সিটি ফুড ইন্ডাস্ট্রিসকে নোংরা পরিবেশে সেমাইসহ খাদ্য সামগ্রী উৎপাদন, বিপণন ও অন্য কোম্পানির নকল মোড়কে সেমাই উৎপাদন করায় তাদের সতর্ক করা হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানে সিটি ফুড ইন্ডাস্ট্রিজ উৎপাদিত ভার্মিসিলি পণ্য উৎপাদন, প্যাকিং ও সংরক্ষনের ব্যবস্থা উন্নত করারও পরামর্শ দেয়া হয় । এছাড়া অন্য কোম্পানীর নামে ভার্মিসিলি পণ্য প্যাকিং বন্ধ করার নির্দেশ দেয়া হয়। শিরোমনি ইয়াদুল বেকারী উৎপাদিত লাচ্ছা সেমাই এর নমুনা পরীক্ষার জন্য সীল করা হয়। নিউ হুগলী বিস্কুট কোম্পানি উৎপাদিত লাচ্ছা সেমাই – পণ্যের অনুকূলে পরীক্ষণের জন্য নমুনা সংগ্রহ করা হয়। একই সাথে সবগুলো প্রতিষ্ঠানকে স্বাস্থ্যসম্মত উপায়ে পণ্য উৎপাদনের পরামর্শ প্রদান করা হয়। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে মর্মে সতর্ক করা হয়। উক্ত অভিযান পরিচালক (সিএম) ইঞ্জিঃ খালিদ রেজা চৌধুরী, সহকারি পরিচালক (সিএম) মনির হোসেন এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ মোঃ মাহমুদুল হাসান রানা এর সমন্বয়ে গঠিত একটি টিম কর্তৃক অভিযান পরিচালিত হয়। অভিযান কালে উপপরিচালক বলেন, সকল খাদ্য সামগ্রী স্বাস্থ্যসম্মত, সঠিক মান ও ওজন নিশ্চিত করতে সাধারন ভোক্তার স্বার্থে খুলনা বিভাগীয় বিএসটিআইএর এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


