ঈদের দীর্ঘ ছুটির পর খুলনার বাজারে আবারো কঠোর অবস্থানে ভোক্তা অধিকার

# ৯ টিমের অভিযানে ১৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৪ হাজার জরিমানা #
# নির্ধারিত দামের বাড়তি নিলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী #
স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর শেষে খুলনায় নিত্যপন্যের বাজার নিয়ন্ত্রনে রাখতে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় সমূহ নিয়মিত বাজার তদারকি ও অভিযান অব্যহত রেখেছে। ওই ধারাবাহিকতায় মঙ্গলবার (৮ এপ্রিল) ভোক্তা অধিকারের ৯ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর, ক্রয় ভাউচার যাচাই করাসহ সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেন সংশ্লিষ্টরা। বাজার তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারিও দেন সংশ্লিষ্টরা। অভিযান চলাকালে খুলনা বিভাগের বিভিন্ন জেলার বাজার তদারকির পাশাপাশি এমন নিয়ম বর্হিভূত কাজের জন্য জরিমানা করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সাথে ঈদের সময়ে পরিবারের সাথে ঈদ করতে আসা দক্ষিনাঞ্চলের যাত্রীদের কাছ বাস ভাড়া বেশি নেওয়া হচ্ছে এমন অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য বিভিন্ন পরিবহনের কাউন্টারেও তদারকি করেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে খুলনা মহানগরীর দৌলতপুর থানার পাবলা এলাকায় অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে খুলনা জেলার ডুমুরিয়া থানার ডুমুরিয়া বাজার ও খুলনা মহানগরীর শাহাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে দেবহাটা ও কালিগঞ্জ উপজেলার নলতা বাজার ও কুলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ টি প্রতিষ্ঠানকে ৮ হাজার ৮ শত ৫০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলীর নেতৃত্বে মিরপুর উপজেলার ডাক বাংলো বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সজল আহম্মেদের নেতৃত্বে সদর উপজেলার রামনগর ও কছুন্দি বাজারে অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় । বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানার নেতৃত্বে কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে কালিগঞ্জ উপজেলার গান্না রোড বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার ডিংগেদহ ও হিজলবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শামীম হাসান এর নেতৃত্বে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা বাজারে অভিযান চালিয়ে ২ টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতা মূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়। অভিযানে ১৪ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৪ হাজার ৮ শত ৫০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় । জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে জাতীয় ভোক্তা-অধিকার খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মাদ সেলিম জানান, মাহে রমজান ও ঈদ শেষে আবারো আমরা খুলনার বাজারে আমাদের নিয়মিত তদারকিসহ অভিযান অব্যহত রেখেছি। পাশাপাশি ঈদের সময়ে পরিবারের সাথে ঈদ করতে আসা দক্ষিনাঞ্চলের যাত্রীদের কাছ বাস ভাড়া বেশি নেওয়া হচ্ছে এমন অভিযোগের সত্যতা খুজে পাই। ওই সকল কাউন্টানর মালিকদের নোটিশ করেছি, এরপর আইনগত ব্যবস্থা গ্রহন করবো। ভোক্তার অধিকার লঙ্ঘিত করলে ওই ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসাবে জরিমানা আরোপসহ আদায় করা হচ্ছে। খুলনার বাজার সমূহে কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠান সরকার প্রদত্ত নিয়মনীতির বাইরে ব্যবসা পরিচালনা করলে তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে। জনস্বার্থে আমাদের কার্যক্রম চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা।



