নগরীতে পূর্ব শত্রুতার জেরে আজিজ নামে এক যুবককে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার ঃ নগরীর সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া কবরখানা এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মোঃ আঃ আজিজ (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। গতকাল (সোমবার) রাত ৮টা ৪০ মিনিটে বসুপাড়া কবরখানা এক নম্বর গেটের অপর পাশে সাবেক কমিশনার হাফিজুর রহমান মনিরের বাড়ির গলিতে এ হামলার ঘটনা ঘটে।
আহত আজিজ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বানরগাতি বাজার কলেজ রোড এলাকার বাসিন্দা। তার পিতার নাম আবু তালেব। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব শত্রুতার জেরে ৫-৭ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে এসে আব্দুল আজিজের ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো চাপাতি দিয়ে তার ডান হাতের কব্জির উপরে, ডান ঘাড়ে এবং পিঠের বাম পাশে কুপিয়ে মারাত্মক জখম করে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ৯টা ৫৫ মিনিটে তাকে হাসপাতালের সার্জারি বিভাগের ওয়ার্ড ৯-১০ নম্বরে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর সোনাডাঙ্গা থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক কমিশনার মোঃ হাফিজুর রহমান মনির বাসার গলিতে ধাওয়া করে মোটরসাইকেলে এসে ২ জন আজিজ কে কুপিয়ে যখম করে পালিয়ে যায়। সোনাডাঙ্গা থানার (ওসি তদন্ত) মোঃ মিজানুর রহমান ঘটনাস্থল থেকে বলেন, তিনি সহ তার টিম সাড়ে ৯টায় স্থানীয় লোকের ফোনে খবর পান। ২ জন স্থানীয় সন্ত্রাসী মোটরসাইকেলে এসে আজিজ নামের একজনকে কুপিয়ে জখম করেছে। আহত যুবক এখন খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন। তবে কি কারণে ঘটনা উৎপত্তি তাই এখনো জানা যায়নি। আশেপাশের সিসি ফুটেজ দেখে সন্ত্রাসীদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান। বানরগাতি কলেজ রোড এলাকার আবু তালেব এর ছেলে মোঃ আঃ আজিজ (৩৫) তিনি নিশ্চিত করেছেন।



