স্থানীয় সংবাদ

খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে তিন মামলা : গ্রেফতার ৪০

স্টাফ রিপোর্টার ঃ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে খুলনার ৩টি থানায় পৃথক তিনটি মামলা করেছে পুলিশ। ঝটিকা মিছিলকে কেন্দ্র করে সোমবার (২১ এপ্রিল) রাতে নগরীর হরিণটানা, আড়ংঘাটা ও খালিশপুর থানায় মামলা ৩টি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জুলফিকার আলী হায়দার বলেন, তিনটি মামলার বাদি পুলিশ। এসব মামলায় ৪০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। হরিণটানা থানার ওসি খায়রুল বাশার জানান, এস আই মোনায়েম হোসেন বাদি হয়ে আওয়ামী লীগের ৭৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলায় অজ্ঞাত পরিচয় আরও ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে খুলনার খালিশপুর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, আওয়ামীলীগের ঝটিকা মিছিলের ঘটনায় থানার এসআই রতন কুমার বিশ্বাস বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় মোট ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে, আড়ংঘাটা থানার অফিসার ইনচাজ তুহিন উজ জামান বলেন, ঝটিকা মিছিলের ঘটনায় থানার এসআই শেখ ইসতিয়াক বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জন আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া এন্ড সিপি) মোহাঃ আহসান হাবীব বলেন, নগরীর হরিণটানা থানায় ২২ জনকে, খালিশপুর থানায় ৭ জনকে এবং আড়ংঘাটা থানায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া নগরীর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া কেসিসির লাইসেন্স অফিসার রবিউল ইসলাম রবিকে গ্রেপ্তার করেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button