বিএনপি নেতা মালেককে দল থেকে বহিষ্কারের দাবিতে একই দলের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

# বাগেরহাটে বিএনপির অভ্যান্তরিন কোন্দল চরমে #
আজাদুল হক, বাগেরহাট : বাগেরহাটে বিএনপির অভ্যান্তরিন কোন্দল চরমে। জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ নাসির আহমেদ মালেককে দল থেকে বহিষ্কারের দাবিতে একই দলের নেতাকর্মীরা বুধবার দুপুরে মানববন্ধন করেছে। বাগেরহাট প্রেসক্লাবের সামনে জেলা বিএনপি পরিবারের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহন করেন। সৈয়দ নাসির আহমেদ মালেককে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তাকে দল থেকে বহিস্কারের দাবী করে মানববন্ধনে বক্তব্য রাখেন বাগেরহাট সদর উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ হাবিবুর রহমান সিদ্দিকী, সদস্য সচিব তালুকদার শহিদুল ইসলাম স্বপন, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ হারুন শেখ, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মহিদুল ইসলাম, বিএনপি নেতা কাজী শাকিল তারিক, আলম মোল্লা, মোস্তফা শেখ, শেখ রবিউল ইসলাম, চাকলাদার নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য এ্যমিলি বেগম, আম্বিয়া খাতুন, আল মামুন টিপুসহ সদর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সৈয়দ নাসির আহমেদ মালেক আওয়ামীলীগের দোসর। সে বিগত সময়ে আওয়ামীলীগের সাথে আতাত করে বিভিন্ন অপর্কম করেছে। ২০২৪ এর নির্বাচনে সে আওয়ামী লীগের প্রার্থী শেখ তন্ময়ের পক্ষে ভোটও চেয়েছেন। ৫ আগষ্ট এর পর সে বিভিন্ন অফিসে সদর উপজেলা বিএনপির সভাপতি পরিচয়ে প্রভাব বিস্তার করছেন। বিভিন্ন হাট-বাজার থেকে চাঁদা তুলে দলীয় ভাবমূর্তি নষ্ট করেছেন। মাছের ঘের ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছেন তিনি। এছাড়া তিনি আওয়ামী লীগের অনেক বড় নেতাদের নিকট আত্মীয় হওয়ায় ওই আমলেও অনেক সুযোগ সুবিধা নিয়েছেন। মানুষের উপর অত্যাচার করেছেন। আর ৫ আগস্টের পরে এমন কোন অন্যায় নেই যা তিনি করেন নাই। তার অন্যায় কর্মকান্ড দলের ভামমূর্তি ক্ষুন্ন করেছে। আমরা বিএনপি থেকে তার বহিষ্কার চাই।
একই দাবিতে এদিন দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে খানজাহাণ আলী মাজার ইজিবাইক সমিতির সদস্যরা সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খানজাহাণ আলী মাজার ইজিবাইক সমিতির সভাপতি শেখ তারিক। তারা বলেন, সৈয়দ নাসির আহমেদ মালেক আওয়ামী লীগের দোসর। সে জাসদ আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি সব দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। সে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভেদ তৈরি করছে। সে নিজে একজন সন্ত্রাসী অস্ত্রবাজ চাঁদাবাজ ও দখলবাজ। সে কোন লোকের ভালো দেখতে পারেনা তার চোখে সবাই দোষী। ইতিমধ্যে সে বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলামের নামে চাঁদাবাজির মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনেছে। আমরা তার কৃতকর্মের জন্য বিচার এবং দল থেকে বহিষ্কারের দাবি জানাই। এ সময় আরো উপস্থিত ছিলেন খানজাহান আলী মাজার ইজিবাইক সমিতির সাধারণ সম্পাদক ইসমত সাঈদ হৃদয়, বিএনপি নেতা শেখ দেলোয়ার হোসেন, শেখ আতিয়ার রহমান, শেখ মনিরুল ইসলাম প্রমূখ। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সৈয়দ নাসির আহমেদ মালেক সাংবাদিকদের বলেন, রাজনীতি করলে শত্রু-মিত্র থাকবে। কয়েকদিন আগে আমি একটা মানববন্ধন করেছিলাম। সেখানে বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা ফকির তরিকুল ইসলামের বিরুদ্ধে কিছু কথা বলেছিলাম। তার ফলশ্রুরুতিতে তারা আজকে এই মানববন্ধন করেছে। এছাড়া সামনে বাগেরহাট সদর উপজেলা বিএনপির সম্মেলন রয়েছে। সে কারণেও আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হতে পারে।



