স্থানীয় সংবাদ

মোল্লাহাটে বসতবাড়ী ভাংচুর ও লুটপাট মামলার বাদী ও পরিবারের উপর আসামী পক্ষের হামলা

আজাদুল হক, বাগেরহাট : বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বসতবাড়ী ভাংচুর ও লুটপাট মামলার বাদী ও তার পরিবারের উপর আসামী পক্ষ হামলা ও মারপিট করেছে। দায়েরকৃত মামলা প্রত্যাহারে বাধ্য করতে উপজেলার কোদালিয়া গ্রামের হেদায়েত মোল্লা ও তার সহযোগিরা মঙ্গলবার প্রকাশ্য দিবালোকে একই এলাকার বাদী মোঃ মামুন মিয়া ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলা করে বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় মামুন মিয়াকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মামুন মিয়া ও তার পরিবারের সদস্যরা জানায়, গত বছর ৫ আগস্ট উপজেলার কোদালিয়া বাজারে হেদায়েত মোল্লার নেতৃত্বে ২৫-৩০ জন ব্যক্তি একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত মোঃ মামুন মিয়া বাদী হয়ে হেদায়েত মোল্লাসহ ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০/২৫ জনের বিরুদ্ধে বাগেরহাট দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা করেন। ওই মামলা দায়েরের পর থেকে হেদায়েত মোল্লা ও তার ছেলেরা মামলার বাদী মামুন মিয়াকে মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। এমনকি তার শিশু সন্তানকে অপহরণের চেষ্টা চালায়, যা স্থানীয়দের নজরে পড়লে অপহরণকারীরা পালিয়ে যায়। এক পর্যায়ে মঙ্গলবার মামুন মিয়া তার স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেল যোগে বাইরে থেকে বাড়ী ফিরছিলেন, তখন তাদের পথরোধ করে পরিকল্পিতভাবে হামলা চালায় । রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে মামুনকে স্ত্রী সন্তানদের সামনে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে ফেলে রাখে। এ সময় তার স্ত্রী ও সন্তানরা প্রাণভয়ে পালিয়ে ঘটনাস্থল থেকে পালাতে বাধ্য হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে মামুনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আবার মামলার প্রস্তুতি চলছে বলে জানান মামুন মিয়া ও তার পরিবার। এ বিষয়ে মোল্লাহাট থানার ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, মারপিটে আহত হয়ে মামুন মিয়া হাসপাতালে ভর্ত্তি আছেন। তিনি বা তার পরিবার থেকে অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button