খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী তুহিনসহ গ্রেফতার ৩ : অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার ঃ খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী কালা তুহিনসহ ৩ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে তাদের বটিয়াঘাটার চক্রাখালী এলাকা থেকে আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো গ্রেনেড বাবুর সহযোগী কালা তুহিন, আহসান এবং হাবিব। অভিযানে নেতৃত্বদানকারী সেনাবাহিনীর মেজর দেবাশীষ বলেন, গোপন সংবাদে জানা যায় বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী বাজার থেকে একটু ভেতরে নির্জন জায়গায় কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। এ সময় পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালানো হয়। যৌথবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা সেখান থেকে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী কালা তুহিন, আহসান এবং হাবিবকে আটক করে। এ সময়ে তাদের কাছ থেকে একটি রিভলবার, একটি ওয়ানশুটার গান, ১৭ বোতল বিদেশী মদ, দেড় কেজি গান পাউডার, রাম দা, চাপাতিসহ অনেকগুলো দেশীয় অস্ত্র, দু’টি মোটরসাইকেল এবং ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তিনি জানান, তাদের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক অভিযোগ রয়েছে। তাদের বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।



