স্থানীয় সংবাদ

কলারোয়া সীমান্তে ৭ লক্ষাধিক টাকার ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার

তাওফিকুর রহমান সঞ্জু, কলারোয়া প্রতিনিধি।। কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ৭ লক্ষাধিক টাকার ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার করেছে বিজিবি। রোববার (১১ মে ) কলারোয়া থানাধীন কাকডাঙ্গা, মাদরা ও চান্দুড়িয়া বিওপির সদস্যরা কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন। তবে উদ্ধার অভিযানের একটি ঘটনায়ও বিজিবি আটক করতে পারেনি কাউকে। রোববার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী কেঁড়াগাছি থেকে প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন। অপরদিকে, মাদরা বিওপির সদস্যরা কলারোয়া সীমান্তের রাজপুর কবরস্থান নামক স্থান থেকে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন। একইদিনে চান্দুড়িয়া বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে সীমান্তবর্তী কাদপুর ও বোস্তামের ঘের নামক স্থান থেকে প্রায় ৮৭ হাজার ৫শ টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেন। সবমিলিয়ে রোববার কলারোয়া সীমান্তে ৩ বিওপির পৃথক অভিযানে প্রায় ৭লাখ ১৭ হাজার ৫শ টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার করা হয়েছে। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি মারফত রোববার এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button