স্থানীয় সংবাদ

যশোরে ভূমি মালিকদের না জানিয়ে সঞ্চালন লাইন স্থাপ ক্ষতিপূরণ ছাড়া নির্মাণ বন্ধের দাবি : মানববন্ধনে হুঁশিয়ারি

যশোর ব্যুরো : ভূমি মালিকদের অবহিত না করেই যশোরে জোরপূর্বক ৩ লাখ ২০ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক সঞ্চালন লাইনের পিলার স্থাপন করায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রবিবার (২৯ জুন) দুপুরে যশোর মেডিকেল কলেজপাড়া সংলগ্ন হরিণার বিলে বেলেঘাটা ভূমি রক্ষা সংগ্রাম কমিটির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। সংগ্রাম কমিটির আহ্বায়ক তরিকুল ইসলামের নেতৃত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক জমির মালিক অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে যশোর পাওয়ার হাউজ পর্যন্ত সঞ্চালন লাইন স্থাপনের অংশ হিসেবে ঠিকাদারি প্রতিষ্ঠান ভূমি মালিকদের না জানিয়ে জোরপূর্বক কাজ চালিয়ে যাচ্ছে। তারা বলেন, যশোর মেডিকেল কলেজ স্থাপনের পর এলাকার জমির মূল্য প্রতি শতকে ৮ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত দাঁড়িয়েছে। এ অবস্থায় উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন করা হলে জমিগুলোর ব্যবহারযোগ্যতা নষ্ট হবে এবং চরম আর্থিক ক্ষতির মুখে পড়বেন মালিকরা। বক্তারা ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ন্যায্য ক্ষতিপূরণ ও বাজারমূল্যে অধিগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, অন্যথায় তারা যে কোনো মূল্যে এই নির্মাণ কাজ প্রতিরোধ করবেন। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম, উপদেষ্টা জিল্লুর রহমান ভিটু, সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট জুলফিকার আলী জুলু, জুয়েল মৃধা, শুকুর আলী, বজলুর রহমান, তোতা মিয়া প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button