শিষ্টাচার বহির্ভূত মিথ্যাচার করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হবে না: এড. মনা

# কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসুচির উদ্বোধন #
স্টাফ রিপোর্টার ঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে কুৎসা রটিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা। একটি গোষ্ঠী বিভিন্ন নামে বিভক্ত হয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে কুরুচীপুর্ণ ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত মিথ্যাচারের মাধ্যমে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে অতীতেও ব্যর্থ হয়েছে আর বর্তমানেও সফল হবে না। রবিবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টায় শহীদ হাদিস পার্কে “দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও ২৪-এর জুলাই আগস্ট গনঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সবুজ পল্লবে স্মৃতি অম্লান” স্লোগানে মহানগর কৃষকদল আয়োজিত বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অন্তর্বরতী সরকারের জুলাই গণঅভ্যুথানের এক বছরের মাথায় এসেও জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া দেশবাসীর জন্য দুর্ভাগ্যের বিষয়। গণতন্ত্রের স্বপ্ন দেখেই এই দেশে গত ১৬বছর আন্দোলনের মাধ্যমে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেন, নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হলে জুলাই-আগস্টের আকাক্সক্ষা ভুলুণ্ঠিত হবে। তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে যারা শিষ্টাচার বহির্ভূত বক্তব্য রাখছেন তারা কেউ কেউ নিজেদেরকে ইসলাম ও জুলাই চেতনার সোল এজেন্ট বলে দাবি করছেন। ইসলাম ও জুলাইয়ে চেতনার ইজারা এদেশের জনগণ কারও কাছে দেয়নি । ইসলাম ও জুলাইয়ের চেতনাকে যারা বিক্রি করছে তারা মুলত গণতন্ত্রের শত্রু। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা কম বেশি ভুমিকা পালন করেছেন তাদেরকে দেশ ও গণতন্ত্রের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রধান মাস্টারমাইন্ড তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন তিনি। খুলনা মহানগর কৃষক দলের আহ্বায়ক আখতারুজ্জামান তালুকদার সজীবের সভাপতিত্বে ও সদস্য সচিব আদনান ইসলাম দ্বীপের পরিচালনায় কর্মসুচিতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বিএনপি নেতা রেহানা ঈসা, আশরাফুল আলম খান নান্নুসহ বিএনপি ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে নেতৃবৃন্দ হাদিস পার্কে ‘বকুল গাছ’ রোপনের মাধ্যমে নগরীতে বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করেন এবং উপস্থিত অতিথিদের মাঝে গাছের চারা বিতরণ করেন।



