স্থানীয় সংবাদ

দীর্ঘ পাঁচ মাস পর কুয়েটে আজ থেকে ক্লাস শুরু

# শিক্ষক সমিতির আন্দোলন স্থগিত #

স্টাফ রিপোর্টার ঃ দীর্ঘ ৫ মাস ১০ দিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্লাস শুরু হচ্ছে আজ মঙ্গলবার। সকালে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তাদের চলমান আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করেছে। এরপর দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী ক্লাস শুরুর নির্দেশ দেন। এর আগে গত দু’ দিন ধরে উপাচার্য বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সাধারণ শিক্ষার্থী, আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তা এবং স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কয়েক দফা বৈঠক করেন। দীর্ঘদিন পর ক্লাস ও পরীক্ষা শুরুর ঘোষণা শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন বলেন, উপাচার্যের আশ্বাসে আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। প্রশাসন ক্লাস শুরুর ঘোষণা দিলে শিক্ষকরা যোগ দেবে। উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী বলেন, শিক্ষক ও ছাত্ররা একমত হয়েছে, ক্লাস ও তদন্ত কার্যক্রম একসঙ্গে চলবে। এ জন্য মঙ্গলবার থেকে ক্লাস শুরুর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ভিসি-প্রোভিসি এবং ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয় ভিসিবিরোধী এক দফা দাবিতে। ‎দীর্ঘ প্রায় আড়াই মাস টানা আন্দোলন আমরণ অনশন শেষে কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অপসারণ করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর গত ১ মে চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলীকে অন্তর্বর্তী ভিসি নিয়োগ দেওয়ার পর শিক্ষক লাঞ্ছিতের বিচার দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষক সমিতি। এভাবে অস্থিতিশীল পরিস্থিতিতে গত ১৯ মে খুলনা ত্যাগ করেন অধ্যাপক ড. হযরত আলী। এরপর ২২ মে তিনি পদত্যাগ করেন ভিসির পদ থেকে। তবে দু’ মাস দু’ দিনের মাথায় ভিসি নিয়োগ হলেও কুয়েটের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে পাঁচ মাস ১০ দিন ধরে। দু’ মাস দু’ দিনের মাথায় ২৪ জুলাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী কুয়েটের উপাচার্য নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। ২৫ জুলাই সন্ধ্যায় কুয়েটের প্রশাসনিক ভবনে ড. মো. মাকসুদ হেলালী যোগদান করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button