স্থানীয় সংবাদ

ঝিনাইদহে ইউপি সচিব অপহরণ বিএনপির ৬ নেতাকর্মী আটক

ঝিনাইদহ প্রতিনিধি ঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে ইউপি সচিবকে অপহরণ করার অভিযোগে বিএনপির ৬ নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার দুপুরেই বিএনপি নেতা মহিদুল ইসলামসহ ৬ জনকে আটক করে।
স্থানীয়রা বলছে, ভিজিডি কর্মসূচির আওতায় চাল বিতরণের জন্য কার্ড প্রদানের তালিকায় নিত্যানন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নেতা মহিদুল ইসলাম তার পছন্দের কিছু লোকের নাম অন্তর্ভুক্ত করতে বলেন। কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে সেই অনুযায়ী কার্ড না দেওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে ২০-২৫ জন অনুসারীসহ পরিষদে হাজির হন।
এ সময় ইউনিয়ন সচিব হাফিজুর রহমানকে টেনে হিচড়ে পরিষদ থেকে তুলে নিয়ে যান। একই সঙ্গে পরিষদের ভেতরে থাকা সেবাপ্রত্যাশী ও কর্মচারীদের আটকে রেখে প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। সচিবকে তুলে নিয়ে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গেলে সেনাবাহিনী ওই বিএনপি নেতাসহ ৬ জনকে আটক করে। উদ্ধার করা হয় সচিব হাফিজুর রহমানকে। এদিকে ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই ঘণ্টা পর তালা ভেঙে ভেতরে আটকে পড়াদের উদ্ধার করে।
শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, পরিষদের তালা দেওয়ার ঘটনায় ৬ জন আটক হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস বলেন, পরিষদে তালা দিয়ে সচিবকে জোরপুর্বক তুলে নিয়ে যাওয়া ও সরকারি অফিসে তালা দেওয়ার অপরাধে তাদের আটক করা হয়েছে।
এ বিষয়ে শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ন বাবর ফিরোজ বলেন, দলীয়ভাবে প্রকৃত উপকারভোগীদের কিছু তালিকা দেওয়া হয়েছিল ইউপি সচিবের কাছে। সচিব ট্যাগ অফিসারকে দায়ী করেন। বিষয়টি আলোচনার জন্য সচিবকে উপজেলা নির্বাহী ফিসারের কাছে নিয়ে আসা হয়। তবে, ইউনিয়ন পরিষদে তালা মারা অন্যায় হয়েছে বলে উল্লেখ করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button