দিঘলিয়ায় চাচা কর্তৃক ভাতিজিকে ধর্ষণ ভাতিজি ৮ মাসের অন্তঃসত্ত্বা

দিঘলিয়া প্রতিনিধি ঃ দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের পানিগাতী মোড়ল পাড়ায় আজম মোড়ল নামক নারী লিপ্সু ষোড়শী ভাতিজিকে ধর্ষণ করেছে। ভাতিজি বর্তমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা। চাচা আজম পলাতক রয়েছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, দিঘলিয়া ইউনিয়নের অন্তর্গত পানিগাতী গ্রামের মোড়ল পাড়া মহল্লার মৃত মোঃ শাহজাহান মোড়লের পুত্র মোঃ আজম মোড়ল(৩৫) তার ভাতিজি (১৭) কে গত নভেম্বর ২০২৪ মাসে স্কুলের খেলার গেঞ্জি কেনার জন্য খুলনার বড়বাজার এ নিয়ে যায়। খুলনা থেকে ফেরার পথে দিঘলিয়ার অন্তর্গত বাতিভিটা গ্রামের একটি পরিত্যাক্ত বাড়িতে নিয়ে যায় এবং সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।
অভিযুক্ত ব্যক্তি তার নিজ মোবাইলে ধর্ষণের ভিডিও ও ছবি ধারণ করে পরবর্তীতে এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় নিজ বাড়িতে ডেকে একাধিকবার ধর্ষণ করে। অতঃপর গত ২২ জুলাই ২০২৫ তারিখ অন্তঃসত্ত্বা সন্দেহে অভিযুক্তকে মেয়েটির বাবা কর্তৃক যথাযথ ব্যবস্থা (বিয়ে/পারিবারিকভাবে মীমাংসা) গ্রহণের কথা বললে প্রথমে তিনি তা অস্বীকার করেন এবং পরবর্তীতে স্বীকার করে বাচ্চা অনড়ৎঃরড়হ করাতে বলে। পরবর্তীতে মেয়েটির বাবা তাকে নিয়ে খুলনাস্থ নারী ও শিশু বিষয়ক আইন ও সালিশ কেন্দ্রে গমন করতঃ যথাযথ বিচারের আবেদন করে তাদের মাধ্যমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল হতে আল্ট্রাসনোগ্রাফি (৩২ সপ্তাহ ৪ দিনের অন্তঃসত্ত্বা) রিপোর্টের সত্যতার ভিত্তিতে গত ২৭ জুলাই ২০২৫ তারিখ বাদী হয়ে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-০১ খুলনা, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(ক) ধারায় মামলা দায়ের করেন।
উল্লেখ্য, উক্ত ঘটনার পর হতে অভিযুক্ত চাচা পলাতক রয়েছে। তবে কোর্ট হতে দিঘলিয়া থানায় এ সংক্রান্ত এখনো কোন ওয়ারেন্ট ইস্যু হয়নি বলে জানা যায়। এদিকে মামলাটি ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য ধর্ষক আজম পর্দার আড়ালে থেকে লোকজন দিয়ে তদবির চালাচ্ছে বলে জানা গেছে।



