খুলনার সোনাডাঙ্গায় ছুরিকাঘাতে যুবক হত্যা

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় দূর্বৃত্তের ছুরিকাঘাতে মনোয়ার হোসেন টগর (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) রাত সোয়া ৯ টার দিকে সোনাডাঙ্গা থানার সন্নিকটে সবুজবাগ মসজিদ রোডে এ ঘটনা ঘটে।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, রাতে সবুজবাগ এলাকায় টগরের বাড়িতে ঢুকে তাকে ছুরি দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। তাকে খুলনা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। আমরা ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
নিহতের স্ত্রী বলেন, আমি মেইন রাস্তায় দোকানে গিয়েছিলাম। আমার বাসা একটু গলির ভিতরে। আমি দেখি ৩/৪ টি মটরসাইকেল আমাদের গলির ভিতর থেকে চোর চোর বলে চলে যাচ্ছে। আমি বাসায় ফেরার পর আমার শ্বশুর বলে ওরে কারা মেরে ফেলে চলে গেছে। পরে পুলিশ এসে ওরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। গতকাল মোংলা থেকে কাজ শেষে বাসায় আসার সময় চায়ের দোকানদার জানিয়েছেন তোরে যেন কারা খুঁজতে আসছিল।
নিহত ওই যুবকের বাবা জামাল হাওলাদার বলেন, রাতে টগর আমাকে বলে দেখতো গেটে কারা এসেছে। দরজা খুলে দিলে ৩ জন যুবক বলে টগর আমাদের পরিচিত। তারা বাড়িতে ঢোকে। আমি টগরের স্ত্রীকে ডাকতে যাই। এক পর্যায়ে টগরের চিৎকার শুনে এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এসে দেখি টগর মেঝেতে পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। টগর রং এর কাজ করতো বলে তিনি জানিয়েছেন।



