খুলনার রাজপথ দখলে নেয় ছাত্র-জনতাঃ ধ্বংসস্তূপে পরিণত হয় ‘শেখ বাড়ি’

# ৪ আগস্ট-২০২৪ স্বাধীন হয় খুলনা #
স্টাফ রিপোর্টার ঃ ২০২৪ সালে খুলনা বিভাগজুড়ে ঘটে গেছে বহু আলোচিত-সমালোচিত ঘটনা। ঘটনাবহুল এই বছরটিতে সবচেয়ে বেশি আলোচিত বিষয় জুলাই-আগস্ট আন্দোলন। যা ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। আন্দোলন-সংঘর্ষ-রাজনৈতিক পালাবদলে উত্তাল ছিল সারাদেশ। ২০২৪ সালে জুলাইয়ে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের কোটা সংস্কারের জন্য যে আন্দোলন শুরু হয়েছিল, সরকারের দমন-নিপীড়নের মুখে তা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে পরিণত হয়। এক মাসের মধ্যেই শিক্ষার্থীদের বিক্ষোভ গণঅভ্যুত্থানে রূপ নেয়। অবসান ঘটে আওয়ামী লীগের ১৫ বছরের অপশাসনের। বছরের শুরুতে বিতর্কিত নির্বাচনে টানা চতুর্থবারের মতো ক্ষমতার আসনে বসার মাত্র ৮ মাসের মাথায় ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ত্যাগ করে পালাতে হয় শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের। জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিক্ষোভে উত্তাল ও স্লোগানে মুখর ছিল খুলনার রাজপথ। আন্দোলনের শুরু থেকেই খুলনার রাজপথে সরব ছিলেন শিক্ষার্থীরা। এর মধ্যে ২ আগস্ট খুলনা নিউমার্কেট এলাকা থেকে বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এদিন দফায় দফায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত এবং অনেকের অঙ্গহানির ঘটনা ঘটে। সবচেয়ে আলোচিত বিষয় ছিল শেখ হাসিনার দেশত্যাগ করার একদিন আগেই ৪ আগস্ট খুলনার রাজপথ দখলে নিয়েছিল ছাত্র-জনতা। তাদের গণঅভ্যুত্থানের মুখে খুলনা ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মী ও সাবেক এমপি-মন্ত্রীরা। ওইদিন বিক্ষোভের মুখে ধ্বংসস্তূপে পরিণত হয় খুলনার ক্ষমতার কেন্দ্রবিন্দু ‘শেখ বাড়ি’। এছাড়া নগরীর শঙ্খ মার্কেটে অবস্থিত খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। গত ৪ ও ৫ আগস্ট খুলনা জেলা পরিষদ ও বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র, খুলনা প্রেসক্লাব ভস্মীভূত হয়। ৪ আগস্ট’২৪ খুলনায় ধাওয়া-পাল্টা ধাওয়া, আওয়ামী লীগ কার্যালয়ে আগুন. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন চলে।



