বাগেরহাটে ঠিকাদার রহমতের বিরুদ্ধে কলেজ অধ্যক্ষের সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট জেলা সদর আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকত আলী বাদশার ছেলে ঠিকাদার মীর রহমত আলীর বিরুদ্ধে অন্যের জমি জোরদখলের চেষ্টার ঘটনায় সংবাদ সম্মেলন করা হয়েছে। বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে সোমবার দুপুরে এ সংবাদ সম্মেলন করেন খুলনা আজমখান কমার্স কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সেলিনা বুলবুল। সেলিনা বুলবুল বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সুগন্ধি গ্রামের মরহুম শেখ মুস্তাফিজুল হকের মেয়ে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও সংবাদকর্মীদের নানা প্রশ্নের জবাবে তিনি বলেন, বাগেরহাট- ২ আসনের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশার ছেলে মীর রহমত আলী বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রভাব খাটিয়ে বিপুল অর্থ ও সম্পত্তির মালিক হয়েছে। এখনও বাগেরহাটের প্রতিটা সরকারি দপ্তরে প্রভাব খাটিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করে যাচ্ছেন। কিছু বিএনপি নেতারা এই ডেভিল রহমত আলীর চলার পথকে মসৃণ করে দিয়েছে। যা জুলাই আন্দোলনের পরিপন্থী। সেলিনা বুলবুল আরো বলেন, বাগেরহাট জেলা সদরের রাখালগাছি ইউনিয়নের বিভিন্ন মৌজায় শত শত বিঘা জমি ক্রয় করেছে আওয়ামী লীগ লীগের সাবেক এমপির ছেলে মীর রহমত আলী। এই অজপাড়া গায়ে নির্মাণ করেছেন বিলাসবহুল বাড়ি। ক্ষমতার দাপট দেখিয়ে এলাকার বহু লোকের কাছ থেকে জমি দখলে নিয়েছেন। এসব বিষয়ে বহু অভিযোগ থাকলেও কেউ কোনদিন তার বিরুদ্ধে তদন্ত কিংবা ব্যবস্থা গ্রহণ করে নাই। এ বিষয়ে মীর রহমত আলী বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি কারো জমি জোর পূর্বক দখল করিনি একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করছে।



