কলারোয়ায় শিক্ষা অফিসের বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে খাতা বিক্রয়সহ ব্যাপক অনিয়মের অভিযোগ

কলারোয়া প্রতিনিধি ঃ কলারোয়ায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিরুদ্ধে সেন্ডিকেটের মাধ্যমে শিশু ওয়ান থেকে ৫ম শ্রেণী পর্যন্ত খাতা
বিক্রয়সহ ব্যাপক অনিয়ম ও র্দুনীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা সাংবাদিকদের নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের বিবরণ ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কলারোয়া উপজেলায় ১২৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আর প্রি-ক্যাডেট ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ২৬টি। এর মধ্যে ১২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ২৬ হাজার এবং প্রি-ক্যাডেট ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ৩হাজার ২’শ ৩৩ জন। মোট ২৯ হাজার ২’শ ৩৩ জন শিক্ষার্থী শিশু ওয়ান থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এ উপজেলায় লেখাপড়া করে । অভিযোগে বলা হয়, সম্প্রতি শিক্ষার্থীদের হাতের লেখা সুন্দর করার জন্য কলারোয়া প্রাথমিক শিক্ষা অফিস উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের মাধ্যমে খাতার উপরেঅক্ষর ও শব্দ লেখা সম্বলিত ভিক্টোরি প্রকাশনার বাংলা, ইংরেজি ও গণিতখাতা কেনার নির্দেশনা দেন। এরপর প্রত্যেক স্কুলের শ্রেণী শিক্ষকরা শিক্ষার্থীদের খাতার উপরে লেখা সম্বলিত ভিক্টোরি প্রকাশনার খাতা কেনার জন্য বলে দেন। পরে শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের ভিক্টোরি প্রকাশনার খাতা কেনার জন্য বললে ; তারা কলারোয়া বাজারের বিভিন্ন বইয়ের দোকানে গিয়ে দেখতে পায় জাহাঙ্গীর লাইব্রেরী ছাড়া অন্য কোন বইয়ের দোকানে এসব খাতা বিক্রি হচ্ছে না। অধিকাংশ অভিভাবকরা তাদের পছন্দের বইয়ের দোকান খাতা কিনতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন। শিক্ষার্থী ও অভিভাবকদের মাধ্যমে শিক্ষা অফিসের নির্দেশনা জানতে পেরে কলারোয়া বই বিতানসহ কয়েকটি লাইব্রেরীর স্বত্বাধিকারী ভিক্টোরি প্রকাশনা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা বিভিন্ন কারণ দেখিয়ে কলারোয়ার জাহাঙ্গীর লাইব্রেরী ছাড়া অন্য কোন লাইব্রেরীতে বই বিক্রয় করতে রাজি হয়নি। ফলে কলারোয়ার অন্য লাইব্রেরীর স্বত্বাধিকারীরা বাংলা ইংরেজি ও গণিত খাতা বিক্রি করতে পারছে না বলে তাদের অভিযোগ।



