দিঘলিয়ায় গাজীরহাট ফাঁড়ি পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই হামলা

# হামলার ঘটনায় থানায় মামলা : গ্রেফতার ৭
দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়ার গাজীরহাট পুলিশ ফাঁড়ির পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই ঘটনায় দিঘলিয়া থানায় মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত ৭ জন আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। এলাকায় চাঁদাবাজী মামলার আসামী গ্রেফতার করলে আগত লোকজন পুলিশের উপর হামলা চালায়। হামলাকারীদের হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া থানার মামলা নং-৯ তারিখ ১৬/০৮/২৫, ধারা ১৪৩/৪৪৮/৩৮৫/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৫০৬(২) এর
আসামীদের গ্রেফতারের জন্য গাজীরহাট ক্যাম্পের আইসি এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান, এএসআই (নিঃ) মোঃ আহম্মদ আলী, এএসআই (নিঃ) খাইরুল ইসলামসহ ৪/৫ জন পুলিশ মাঝিরগাতি কাঁচা বাজার থেকে দিঘলিয়া উপজেলার পদ্মবিলার কুব্বত মুন্সীর পুত্র তৈয়েবুর রহমান মুন্সী (২৫)কে গ্রেফতার করলে দিঘলিয়া উপজেলার পদ্মবিলা গ্রামের কুব্বত মুন্সীর পুত্রগণ যথাক্রমে প্যানেল চেয়ারম্যান মোঃ সোহাগ মুন্সী (৪০), মোঃ সুমন মুন্সী (৩৫) ও মোঃ কাজল মুন্সী (২৬)সহ ৩০/৩৫ জন হামলা করে পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায়। এসময় পুলিশের ৩ জন সদস্য আহত হয়। ঐদিন রাতেই দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এর নেতৃত্বে ১৬ সদস্যের একটি টিম ঘটনাস্থলে গমন করে এবং প্যানেল চেয়ারম্যানের সহযোগী হিসেবে রাতে ২ জন জনকে আটক করে। গত রবিবার (১৭ আগষ্ট) সকালে এ ঘটনার সাথে জড়িত এজাহার নামীয় আসামী ১ জনকে আটক করে। এ আটককৃতরা হলো মোঃ ওসমান শেখের পুত্র জামিরুল ইসলাম (৩৪), সৈয়দ আঃ রাজ্জাকের পুত্র সৈয়দ আব্দুল করিম ও মৃত রতন শেখের পুত্র লিটন শিকদার (৩৫)। উল্লেখিত আসামি ছিনতাই ঘটনায় দিঘলিয়া থানা পুলিশ কর্তৃক ২৯ জনের নাম উল্লেখ পূর্বক এবং অজ্ঞাত আরো ১০/১২ জনের নামে মামলা দায়ের হয়েছে। মামলা নং ১০, তারিখ ১৬/০৮/২০২৫ ইং। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। পরে এজাহারভুক্ত আরো ৪ আসামী গ্রেফতার হয়েছে। আজ পর্যন্ত মোট ৭ জন আসামী গ্রেফতার হয়েছে।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এ প্রতিবেদককে জানান এলাকায় পুলিশের অভিযান অব্যাহত আছে। আসামী ছিনতাই ও পুলিশের কাজে বাধা প্রদান করায় দিঘলিয়া থানায় মামলা দায়ের হয়েছে। এ পর্যন্ত ৭ এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে এলাকায় পুলিশের অভিযান অব্যাহত আছে।



