পুলিশ পরিচয়ে প্রতারণা : জনতার হাতে আটক-১

মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে পুলিশ পরিচয় অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার বাজার এলাকায় ঘটনাটি ঘটে। আটক ব্যক্তির নাম ফরহাদ হোসেন (৪২) তার বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা গ্রামে।
মোল্লাহাট বাজারের মুদি মালামাল ব্যবসায়ী বুলবুল শেখ জানান, আটক ওই ব্যক্তি নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে তার দোকান থেকে বাকিতে মালামাল কিনে নিয়ে যায়। এভাবে দুই দিন তার দোকানে আসে এবং চাল,ডাল, তেল, চিনিসহ প্রায় ৩০ হাজার টাকার নিত্যপ্রয়োজনীয় বাজার বাকিতে নিয়ে যায়। টাকা চাইলে বলে বেতন পেয়ে দিব।
অপর এক ভুক্তভোগী কাঁচামাল ব্যবসায়ী শফিকুল শেখের দোকান থেকে একই ভাবে বাকিতে মালামাল ক্রয় করে। আরো এক ভুক্তভোগী রনি হোটেলের মালিক রনি জানান, পুলিশ পরিচয়ে তার হোটেল থেকে ৫ হাজার টাকা বাকি খেয়ে চলে গেছে।
এক ই ভাবে বৃহস্পতিবার সকালে আয়ান মটরস (পুরাতন মটরসাইকেল) দোকানে পুলিশ পরিচয়ে বাকিতে মটর সাইকেল কিনতে যায় এই প্রতারক। দোকান মালিককে পুলিশের আইকার্ড দেখায়। সন্দেহভাজন আচরণ দেখে দোকানদার মোল্লাহাট থানায় খবর দেয়। মুহুর্তে খবর ছড়িয়ে পড়লে বাজারে ব্যবসায়ীরা তাকে আটক করে।
তবে আটক প্রতারককে পুলিশের কাছে সোপর্দ না করে তার পরিবারের সদস্যদের খবর দেয়া হয়। পরিবারের সদস্যরা তার দেনার টাকা পরিশোধ করে তাকে মুক্ত করে নিয়ে যায়।
এ বিষয়ে মোল্লাহাট থানার দায়িত্বরত সাব ইন্সপেক্টর রাম বিশ্বাস জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



