সাংবাদিক শাওন ও মনি’র ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় কেসিআরএ’র তীব্র নিন্দা

হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি
খবর বিজ্ঞপ্তি ঃ সংবাদ সংগ্রহের সময় দৈনিক আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান ও বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন এবং একই পত্রিকার স্টাফ রিপোর্টার ও খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (কেসিআরএ) এর কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনির ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (কেসিআরএ) নেতৃবৃন্দ। একইসঙ্গে এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর হামলা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং পেশাগত দায়িত্ব পালনের পথে ঘৃণ্য বাধা স্বরূপ। এ ধরনের ঘটনা সাংবাদিকতার পরিবেশকে সংকুচিত করে এবং জনগণের তথ্যপ্রাপ্তির অধিকারকে হুমকির মুখে ফেলে। তাই, এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ সাথে এমন ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না করতে পারে। এছাড়া সাংবাদিক নেতা এহতেশামুল হক শাওন ও কামরুল হোসেন মনির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে আগামীকাল রবিবার দুপুর সাড়ে ১২টায় খুলনা প্রেসক্লাবের ঘোষিত বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে কেসিআরএ’র সদস্যদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন- এসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি নূর হাসান জনি ও শিশির রঞ্জন মল্লিক, সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম নূর ও আনিছুর রহমান কবির, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য বিমল সাহা, ইয়াছিন আরাফাত রুমি ও রকিবুল ইসলাম মতি প্রমুখ।



