খুলনায় সাংবাদিক শাওন ও মনির উপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় মামলা

আটক নেই: আটকে অভিযান চলছে
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও আমার দেশ পত্রিকার খুলনার ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও সাংবাদিক কামরুল হোসেন মনির উপর দুবৃর্ত্তরা হামলার ঘটনায় রবিবার রাতে সোনাডাঙ্গা থানায় মামলা হয়েছে। এহতেশামুল হক শাওন বাদী হয়ে এ মামলা করেন। মামলার আসামী হলেন- বিপ্লব ওরফে আবির (৩৮)সহ অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে এ মামলা করেন।
এজাহার বাদী উল্লেখ করেন, আমি জাতীয় দৈনিক পত্রিকা ‘আমার দেশ’ এর খুলনা ব্যুরো চীফ হিসাবে এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বি, এফ, ইউ, জে) এর সহকারী মহাসচিব এবং মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এম, ইউ, জে) এর সহ-সভাপতি হিসাবে কর্মরত রয়েছি। পত্রিকার সংবাদ সংক্রান্ত তথ্যের সত্যতা যাচাই করা জন্য আমি শনিবার দুপুরে উল্লেখিত নামীয় আসামীকে মোবাইলে কল করি। বিস্তারিত বিষয়ে বলার জন্য আসামী আমাকে শিববাড়ী মোড়স্থ সুলতান ডাইন রেস্টুরেন্টের নিচে আসতে বলে। আমি ও আমার সহকর্মী কামরুল হোসেন মনি উক্ত রেস্তুরেন্টের সামনের রাস্তার উপর পৌছালে ১নং আসামী ও তার অজ্ঞাতনামা ১০/১২ জন আসামীসহ আমার উপর অতর্কিত ঝাপিয়ে পড়ে এলোপাতাড়ী কিল, ঘুষি, লাথি মেরে মুখমন্ডল, বুক, পিঠ, ঘাড় সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর নীলা ফোলা জখম করে। আমাকে রক্ষার জন্য আমার সহকর্মী ১নং সাক্ষী কামরুল হোসেন মনি এগিয়ে আসলে উক্ত আসামীরা মনিকেও এলোপাতাড়ী চড়, কিল, ঘুষি, লাথি মেরে মুখমন্ডল, বুক, পিঠ, পেট সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর নীলা ফোলা জখম করে। আমাদের নিউজ করার স্বাদ মিটাইয়া দেওয়া সহ আমাদেরকে খুন করার হুমকি দিতে দিতে অজ্ঞাতনামা সহযোগী আসামীদের নিয়া একটি মাইক্রোবাসে করিয়া ঘটনাস্থল ত্যাগ করে।
এ ব্যাপারে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো.কবির হোসেন জানান, ঘটনাটি শনিবার ঘটে। ঘটনার পর থেকেই আমরা আসামী গ্রেপ্তারে কাজ করছি। রবিবার রাতে ভুক্তভোগী বাদি হয়ে থানায় মামলা করেছে। দ্রুত সময়ের মধ্যে আসামী গ্রেপ্তারে সক্ষম হবো বলে আশা রাখি।



