মুখের কথায় রাজনৈতিক দল নিষিদ্ধ করা যায়না

দিঘলিয়ায় নির্বাচনী সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা হেলাল
দিঘলিয়া প্রতিনিধিঃ
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক খুলনা-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, দিঘলিয়া উপজেলা একটি শিল্প অঞ্চল কিন্তু আজ মৃতপুরীতে পরিণত হয়েছে। বিগত সরকার মিল কলকাখানা গুলো বন্ধ করে দিয়ে বেকারত্ব তৈরী করেছে। বিএনপি সরকার গঠন করলে দেশের অর্থনীতি পরিবর্তন করবো। আমরা বলেছি এক বছরের মধ্যে ১ কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করবো।ফ্যামিলি কার্ড, রেশন কার্ড এবং হেলথ কেয়ার ইউনিট গঠন করবো। দিঘলিয়া, রূপসা, তেরখাদায় নদীর এপার ওপার সংযোগ স্থাপনে ব্রিজ তৈরি করে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করবো।
তিনি বলেন, একটি রাজনৈতিক দল তার অপকর্মের জন্য দেশ ছেড়ে পালিয়েছে। দেশের জনগণ ও আওয়ামী লীগ চিন্তা করবে তারা নির্বাচন করবে কিনা। বিএনপি কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধের বিপক্ষে। মুখের কথায় কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা যায়না। যে অন্যায় করেছে তার বিচার হবে। দেশের আদালত বিচার করবেন।
তিনি বলেন, ‘জামায়ত বলছে ‘২৪ নির্বাচনে জাতীয় পার্টিসহ যারা নির্বাচনে অংশ নিয়েছে তাদের দলকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু মুখের কথা বা নির্বাহী আদেশে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায়না। যার বড় প্রমাণ জামায়াতে ইসলামী।
তিনি গতকাল দিন ব্যাপি দিঘলিয়া উপজেলার বিভিন্ন হাট বাজার, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় ও বেশ কয়েকটি নির্বাচনী সমাবেশে একথা বলেন।
বিকালে তিনি সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নির্বাচনী সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি আজিজুল বারী হেলাল বলেন, জামায়াতে ইসলামী প্রথমে ৩০০ আসনে প্রার্থী দিয়ে এখন আবার নির্বাচন পিছাতে পায়তারা করছে। আপনারা দেখেছেন ডাকসু, জাকসু, রাকসুতে ছাত্র শিবির জিতে গেছে। তাদের ধারণা ছিলো সংসদ নির্বাচনে তাদের জোয়ার উঠবে কিন্তু যখন বিএনপি দলীয় মানোনয়ন দিলো বিএনপির প্রার্থীরা হাটে বাজারে নেমে গেলো তখনই পরিবেশ পাল্টে গেলো। জামায়াত দেখলো বিএনপির সাথে ভোটে জিততে পারবেনা। এখন তারা বিভিন্ন ইস্যু নিয়ে নির্বাচন পেছাতে চায়। জামায়াত রাজনৈতিক ক্ষুদ্র স্বার্থে ধর্মকে বিক্রি করছেন।
এসময়ে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, অধ্যাপক মনিরুল হক বাবুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দর রকিব মল্লিক, শেখ আব্দুর রশিদ, এনামুল হক সজল, নাজমুস সাকিব পিন্টু, আরিফুল ইসলাম আরিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু, বাবু উজ্জ্বল কুমার সাহা, শরীফ মোজ্জামেল, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, মোল্লা বেল্লাল হোসেন, আবুল কাশেম, রেজাউল ইসলাম, কুদরত-ই-ইলাহি স্পিকার, আব্দুল কাদের জনি, গাজী মনিরুল ইসলাম, লিটন শেখ, জুয়েল বিশ্বাস, মোসলেহ উদ্দিন, শফিউদ্দিন শাফি, মুকিত মীর, নিপু, ফারুক খন্দকার, আলম চৌধুরী, বাদশা গাজি, মোহাম্মদ আলী টুটুল, বাবুল, রয়েল, নিজামসহ নেতৃবৃন্দ।
পরে তিনি ফরমাইশখানা মিতালী সংঘ মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন।
এছাড়া সকালে তিনি দিঘলিয়ার পথের বাজারে গণ সংযোগ করে দিনের নির্বাচনী কর্মসুচি শুরু করেন।
একটি বাড়ী একটি গাছ সবুজায়নের অঙ্গীকার স্লোগানসহ কয়েকটি ভ্যানে গাছের চারা নিয়ে দিঘলিয়া উপজেলার বিভিন্ন স্থানে যান, পথেরবাজার মাধ্যমিক বিদ্যালয়, ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রী কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ শেষে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় করেন।



