খুলনা ওয়াসায় দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি

খবর বিজ্ঞপ্তি : খুলনা ওয়াসায় চলমান দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়ন এবং শ্রমিক-কর্মচারীবৃন্দ কঠোর অবস্থান নিয়েছে। তারা ৩ কর্মদিবসের মধ্যে ১০ দফা দাবি বাস্তবায়নের আল্টিমেটাম ঘোষণা করেছে।
কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক জিএম আব্দুল গফফার বলেন, “দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে শ্রমিক সমাজ রাজপথে নেমে কঠোর আন্দোলনে যাবে, প্রয়োজনে ওয়াসার সকল কার্যক্রম অচল করে দেওয়া হবে।”
১০ দফা দাবি হচ্ছে-খুলনা ওয়াসার মাস্টাররোল কর্মচারীদের স্থায়ী করা এবং অস্থায়ী কর্মচারীদের পদোন্নতি না দিয়ে নতুন নিয়োগ সম্পূর্ণ বন্ধ করা। এমডি নিয়োগে দুই দফায় ১৬ লক্ষ টাকা অপচয়ের দায় নিরূপণ ও তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি। ভুয়া ভাউচারের মাধ্যমে ৬ মাস বন্ধ থাকা বোতলজাতকরণ প্লান্টের আউটসোর্সিং কর্মচারীদের বেতন প্রদানসহ দুর্নীতির তদন্ত। নিয়ম মেনে ২৫ বছর চাকরি করা শ্রমিকদের অবৈধভাবে চাকরিচ্যুত করার প্রতিবাদ ও তাদের পুনর্বহাল। চট্টগ্রাম ওয়াসার ন্যায় অস্থায়ী কর্মচারীদের বেতন-ভাতা প্রদান। মাঠপর্যায়ে দায়িত্বে থাকা কর্মচারীদের গাড়ি লোন সুবিধা প্রদান। প্লান্টে কর্মকর্তাদের নিয়মবহির্ভূত বসবাস বন্ধ ও হাউজ রেন্টের অর্থ ওয়াসা ফান্ডে জমা দেওয়ার দাবি। স্থায়ী কর্মচারীদের সাপ্তাহিক ছুটি না দেওয়া ও ডাবল ডিউটির অমানবিক আচরণের অবসান। জ্বালানি খরচ ২ লাখ থেকে ৪ লাখে বাড়ানোসহ অন্যান্য আর্থিক অনিয়মের তদন্ত এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ এবং ওয়াসার আর্থিক হিসাব স্বচ্ছভাবে প্রকাশ।
আগামী ৩ কর্মদিবসের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে শ্রমিকরা কঠোর আন্দোলনে নামবে। তারা ঘোষণা দিয়েছে, “আর কোনো ছলচাতুরি নয়, এবার দুর্নীতির হিসাব চাই। খুলনা ওয়াসাকে দুর্নীতিমুক্ত না করা পর্যন্ত আন্দোলন চলবে।”



