লোহাগড়া চর আড়িয়ারা গ্রামে কিশোরের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মো: নাজমুল হক, লোহাগড়া, নড়াইল ঃ নড়াইলের লোহাগড়া উপজেলার চর আড়িয়ারা গ্রামে এক কিশোরের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রোববার (০৭ ডিসেম্বর ২০২৫) সকালে গ্রামের হবি মৃধার বাড়ির পাশের পুকুর পাড় থেকা মোঃ তাজিম মোল্লা (১৪) এর লাশ উদ্ধার করা হয়। সে সৌদি প্রবাসী শহিদুল মোল্লার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, তাজিম শনিবার সন্ধ্যায় গ্রামের মধ্যে কেরাম খেলছিল। পরবর্তীতে রাত হয়ে গেলেও সে আর বাড়ি ফিরে আসে নাই। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। রবিবার ভোরে চর আড়িয়ারা গ্রামের (দক্ষিণপাড়া) মো. হাবিবার মৃধার বাড়ির পুকুরের দক্ষিনপাড়ের ঢাল থেকে তাজিমের মরদেহ পড়ে থাকতে দেখে এক প্রতিবেশী মহিলা। তিনি সাথে সাথে বিষয়টি পরিবারকে জানান। স্থানীয় বাসিন্দারা জানান, তারা সকালে যখন পুকুর পাড়ে তাজিমের মরদেহ দেখতে পান ।তখন লাশের পাশে চার কাঁধি সুপারি পড়ে থাকতে দেখা যায়, যা ঘটনাকে আরও রহস্যজনক করে তুলেছে। এলাকাবাসীর ধারণা, তাজিমের মৃত্যুতে রহস্য ও সন্দেহের বিষয় রয়েছে। কীভাবে এবং কেন এমন ঘটনা ঘটলো তা এখনো কেউ বলতে পারছে না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে পুলিশের তদন্ত সাপেক্ষেক প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাজিমকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হতে পারে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। ঘটনার সাথে জড়িত সন্ধেহে লোহাগড়া থানা পুলিশ চর আড়িয়ারা গ্রামের ইনজামুল শেখ (১৪) পিতা রবিউল শেখ, ইব্রাহিম শেখ (১৬) পিতা আনিস শেখ ও শিপন শেখ (১৮) পিতা জিয়া শেখকে আটক করেছে। এ বিষয়ে লোহাগড়া থানার ওসি তদন্ত অজিত কুমার রায় বলেন লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। ময়না তদন্ত শেষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। হঠাৎ এই অপমৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



